নিউজ ডেস্ক: বৃহস্পতিবার লর্ডসে শুরু হয়েছে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট। প্রথম দিনের খেলায় রীতিমতো অবাক করে দেওয়ার মতো ক্রিকেট খেলেছে ইংল্যান্ড। দ্রুত গতিতে রান করার পরিবর্তে একেবারে মাটি আঁকড়ে পড়েছিল তারা। এক কথায় বলতে গেলে, পেশেন্ট ক্রিকেট তুলে ধরা হয়েছে তাদের তরফ থেকে। ব্যাজবল ক্রিকেট খেলার বিন্দুমাত্র চেষ্টা করেনি কোন ব্যাটার।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ভারতের বোলিং লাইনআপের কথা মাথায় রেখে শুরু থেকেই ধরে খেলছিলেন জ্যাক ক্রলি ও বেন ডাকেট। তবে সেই পার্টনারশিপ ভাঙেন টিম ইন্ডিয়ার তরুণ অলরাউন্ডার নীতিশ রেড্ডি। ১৪তম ওভারে দুই ওপেনারকেই তিনি প্যাভিলিয়নের রাস্তা দেখান। তবে এরপর এক লম্বা পার্টনারশিপ গড়েন জো রুট ও ওলি পোপ। দুজনের মধ্যে হয় ১০৯ রানের পার্টনারশিপ।
৫০তম ওভারে জুটির দাপট ভাঙেন রবীন্দ্র জাদেজা। তার কিছুক্ষণ পরই নিজেদের চতুর্থ উইকেটটি হারায় ইংল্যান্ড। ১৭২ রানের মাথায় তা হয়। বুমরাহের বলে বোল্ড হন হ্যারি ব্রুক। এরপর অনেকেই মনে করছিলেন যে ভারতে মোমেন্টাম আগে নিয়ে যাবে এবং দ্রুত অলআউট করবে ইংল্যান্ডকে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে এই মুহূর্তে আবারো এক বড় পার্টনারশিপ গড়ার পথে জো রুট। এই পর্যন্ত দুজনে ৭৯ রানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন। ৮৩ ওভার শেষে দলের স্কোর ৪ উইকেটে ২৫১।
এমন পরিস্থিতিতে মনে করা হচ্ছে যে দ্বিতীয় দিনেও ধৈর্যের সঙ্গে ব্যাটিং করবে ইংল্যান্ড এবং স্কোরবোর্ডে বড় রান তুলবে। এক্ষেত্রে দেখার ব্যাপার যে কোথায় গিয়ে থামে তাদের ইনিংস। তবে ভারতের কাছে চিন্তার বিষয় দলের তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থের চোট পেয়ে মাঠ ছাড়া। এরপর গোটা দিন স্টাম্পের পিছনে কিপিং করে গেছেন ধ্রুব জুড়েল। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা সকলেই প্রার্থনা করছেন পান্থের ফিরে আসার। এবার দেখার বিষয় যে দ্বিতীয় দিনের খেলায় তাঁকে ফের মাঠে দেখা যায় কিনা।

