বুমরাহের মতো সিনিয়র ক্রিকেটারের ভূমিকায় অখুশি ইরফান

বুমরাহের মতো সিনিয়র ক্রিকেটারের ভূমিকায় অখুশি ইরফান

দেবজিৎ মুখার্জি: যেভাবে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে, তা কোন অংশে থ্রিলারের চেয়ে কম নয়। বিশেষ করে ওভাল টেস্টে ম্যাচ নিজেদের নামে করেছে ভারতীয় ক্রিকেট দল, তা দেখে হয়তো অনেকেরই গায়ে কাঁটা দিয়েছে। এমন একটি জায়গায় ছিল ম্যাচ, যেখান থেকে ভারতের পরাজয় নিশ্চিত। তারপরই শুরু হয় পেসারদের দাপট। ৩৭৪ রান তাড়া করতে নেমে অল্পের জন্য জয় থেকে বঞ্চিত হয় ইংল্যান্ড। ৩৬৭ রানে অলআউট হয়ে যায় তারা। ৬ রানে ম্যাচ জেতে ভারত এবং সিরিজ ড্র করে ২-২ ফলাফলে। 

শুভমান গিলের দলের অনেক ক্রিকেটারই বেশ ভালো পারফর্ম করেছেন সিরিজে। কিন্তু তা সত্ত্বেও একজনের পারফরমেন্সে রীতিমত অখুশি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা অলরাউন্ডার ইরফান পাঠান। কে সেই ক্রিকেটার? তিনি দলের তারকা পেসার জাসপ্রিত বুমরাহ। যেভাবে তিনি বেছে বেছে টেস্ট খেলেছেন এবং তার পাশাপাশি গুরুত্বপূর্ণ সময় বল হাতে দায়িত্ব নেননি, তা দেখে বেশ অসন্তুষ্ট হয়েছেন ইরফান। নিজের ইউটিউব চ্যানেল থেকে এই বিষয়ে বক্তব্য রেখেছেন প্রাক্তন তারকা অলরাউন্ডার। 

ইরফান বলেন, “একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে বুমরাহের উচিত ছিল সবকটি ম্যাচ খেলা। কিন্তু তার পরিবর্তে ও তিনটি ম্যাচ খেলে। একটিতেও ভারত জেতেনি। লর্ডস টেস্টে ষষ্ঠ ওভারের কথা একবার মনে করুন। জো রুটকে এর আগেও অনেকবার আউট করেছে। কিন্তু ওই টেস্টে মাত্র ৫ ওভার বল করেছে। আরো একটা ওভার বল করলে হয়তো রুটকে আউট করতে পারত। কিন্তু মনে হয় ও নিজেকে গুটিয়ে নিতে চেয়েছিল।” এবার দেখার বিষয় যে ইরফানের এই বক্তব্য শুনে চোট সারিয়ে দ্রুত মাঠে ফিরে সেই আগের মতো বিধ্বংসী হয়ে উঠতে পারেন কিনা বুমরাহ।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *