দেবজিৎ মুখার্জি: আইপিএল ২০২৫ শেষ হয়ে গেলেও এখনো আলোচনার বিষয় রয়ে গেছেন রাজস্থান রয়্যালসের সবচেয়ে তরুণ ক্রিকেটের বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সে যেই মাপের ব্যাটিং তিনি দেখিয়েছেন, তা দেখে মুগ্ধ গোটা ক্রিকেট বিশ্ব। এখনই তাঁর ফ্যান ফলোইং চরম। তাঁকে সকলের নজরে তারকা বানিয়ে দিয়েছে ৩৫ বলে শতরানের ইনিংস। আজও সকলে তা নিয়ে কথা বলে। তরুণদের দলের হয়েও বেশ ভালো খেলছেন বৈভব।
তবে এবার এই ‘বিস্ময় বালক’কে নিজের বক্তব্য রাখলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আম্বাতি রাইডু। যাঁরা বৈভবকে নিয়ে এতদিন কথা বলে এসেছেন বা লাগাতার বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে যাচ্ছেন, তাঁদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন রাইডু। কি বললেন তিনি? তাঁর বক্তব্য, “বেশি জ্ঞান দেবেন না, ওকে খেলতে দিন। আশা করছি কেউ ওকে পরিবর্তন করতে বলবেন না ওর ব্যাট করার ধরন। হ্যাঁ তবে ওর আরো উন্নতি প্রয়োজন। যদি ব্রায়ান লারার মতো পরিস্থিতি অনুযায়ী ব্যাটের গতি নিয়ন্ত্রণ, ডিফেন্স করা বা নমনীয় হওয়া শিখে যায়, তাহলে একজন কমপ্লিট ক্রিকেটার হয়ে উঠবে।”
রাইডু আরো বলেন, “ওকে শুধু একটা বিষয়ের উপর মনোযোগ দিতে হবে। খুব বেশি লোকের কথা শুনলে হবে না। আস্থা রাখুক নিজের প্রতিভার উপর। একটা কথা কোচদেরও বুঝতে হবে যে ওকে বেশি জ্ঞান দিলে হবে না। নিজের মতো ছেড়ে দেওয়া উচিত বৈভবকে।” এবার দেখার বিষয় যে আগামী দিনে ব্যাট হাতে একই খেলা দেখাতে পারেন কিনা বৈভব। কত তাড়াতাড়ি তিনি জাতীয় দলে নিজের জায়গা বানাতে পারবেন, সেটাই এখন দেখার।

