নিউজ ডেস্ক: অসাধারণভাবে নিজেদের এশিয়া কাপ যাত্রা শুরু করল ভারতীয় ক্রিকেট দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই তারা পেল জয়। শুধু জয় নয়, একেবারে বড় ব্যবধানে জয় পেল তারা। প্রথম ম্যাচে তারা পরাজিত করেছে সংযুক্ত আরব আমিরশাহীকে। একটি নয়, দুটি নয়, একেবারে ৯ উইকেটে জয় পেয়েছে তারা। বিস্তারিতভাবে বলতে গেলে, পুরোপুরি ‘ওয়ান সাইডেড কনটেস্ট’ হয়েছে।
তবে প্রথম ম্যাচেই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে তৈরি হয়েছে বিতর্ক। কেন? কি এমন হলো? ২০ ওভারের ক্রিকেটে এই পর্যন্ত ৯৯টি উইকেটের মালিক টিম ইন্ডিয়ার ২৫ বছর বয়সী তরুণ পেসার আর্শদিপ সিং। তার উপর বুধবার তিনি উঠে এসেছেন প্রথম দশে আইসিসির ক্রমতালিকায়। এই মুহূর্তে তিনি দশম স্থানে, যা এখনও পর্যন্ত তাঁর কেরিয়ারের সেরা র্যাঙ্কিং। কিন্তু এদিনই তিনি বাদ পড়লেন প্লেইং একাদশ থেকে।
এই বিষয়টি খুব একটা ভালো চোখে নেয়নি দেশের ক্রিকেটপ্রেমীরা। অনেকে মনে করছেন অন্যায় করা হয়েছে তরুণ পেসারের সঙ্গে। তাছাড়া এখনও পর্যন্ত এই ফরম্যাটে তিনি ভালই পারফর্ম করেছেন। তাঁর বড় শক্তি, শুরুতে উইকেট তুলে নেওয়া। সেই ফ্যাক্টরগুলির মাথায় রেখে আর্শদিপকে প্লেইং একাদশে জায়গা না দেওয়াটা একেবারেই ইতিবাচকভাবে নেননি দেশের ক্রিকেটপ্রেমীরা।

