দেবজিৎ মুখার্জি, কলকাতা: এই মুহূর্তে ক্রিকেটপ্রেমীদের নজর আসন্ন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট নিয়ে। প্রায় বছর ছয় পরে কলকাতার ইডেন গার্ডেন্সে টেস্ট ম্যাচ হতে চলেছে। তাই সেই উন্মাদনা আরো দ্বিগুণ হয়ে গিয়েছে। যদিও ম্যাচের আগে যে প্রশ্ন ঘোরাফেরা করছিল দুই দেশের ক্রিকেটপ্রেমী সহ গোটা ক্রিকেটমহলে যে কেমন হবে পিচ। ইতিমধ্যেই সিএবি প্রেসিডেন্ট, তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, এই ব্যাপারে অবস্থান জানিয়ে দিয়েছেন। তাঁর দাবি যে তিনি মনে করেন উইকেট ভালই হয়েছে। এবার তা নিয়ে মুখ খুললেন কিউরেটর সুজন মুখোপাধ্যায়। তাঁর সাফ কথা পিচে গতি থাকলেও স্পিনাররা সাহায্য পান।
সুজন মুখোপাধ্যায় বলেন, “কোনও অভিযোগ নেই পিচ নিয়ে আমার। সর্বদা ভালো রেটিং পেয়েছি। আমার মতে পিচ খুব ভালো এবং সকলেই সাহায্য পাবে। ভারত ও দক্ষিণ আফ্রিকা, দুজনেই শক্তিশালী দল। খুব ভালো খেলা হবে। দুই দলই খুব ভালো বোলার ও ব্যাটসম্যান রয়েছে। বোলিং বিভাগকে অবশ্যই চেষ্টা করতে হবে এই পিচ থেকে উইকেট পেতে গেলে। দায়সারাভাবে খেললে চলবে না। পিচ গতিময় হলেও প্রথম দিন থেকেই দেখা যাবে একটু একটু টার্ন। বিশ্বকাপের যে সেমিফাইনাল হয়েছিল ইডেনে, সেখানেও পিচে ঘুর্নি ছিল। এই পিচেও থাকবে।”
তবে নিজের বক্তব্যে তিনি কটাক্ষ করেন কলকাতা নাইট রাইডার্সকেও। কী বললেন সুজন মুখোপাধ্যায়? তাঁর বক্তব্য, “একমাত্র কেকেআর টার্ন করাতে পারে না এই পিচে। যদিও বল আকস্মিকভাবে ঘুরবে না। এমন উইকেট গৌতম গম্ভীর নিজেও চান না, যেখানে ঘূর্ণি মাত্রার চেয়ে বেশি থাকবে। ভারত যেটা চায়, সেটা হল অল্প অল্প টার্ন। সেটা থাকবে প্রথম দিন থেকেই ইডেনের পিচে। মনে রাখতে হবে হোম অ্যাডভান্টেজ মানে বলার ও ব্যাটার দু’জনকেই সুবিধা করে দিতে হবে। সকলেই চায় যে খেলাটা যেন শেষ দিন পর্যন্ত হয়। মাত্রাতিরিক্ত ঘূর্ণি বা গতি, ম্যাচ যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাহলে মাঠে খেলা দেখতে দর্শকও আসবেন না।”
