নিউজ ডেস্ক: শুধু মাঠের ভিতরেই নয়, মাঠের বাইরেও যে আসল অধিনায়ক প্যাট কামিন্স, তার আরো একবার প্রমাণ দিলেন তিনি। গত রবিবার সিডনির বন্ডি বিচে উৎসব চলাকালীন জঙ্গি হামলা চালানো হয় দুই বন্দুকবাজের তরফ থেকে এবং তাতে প্রাণহারান একাধিক মানুষ। স্বাভাবিকভাবেই দুঃখের ছায়া নেমে আসে গোটা দেশের উপর। এরপরই সোশ্যাল মিডিয়ায় ঘটনা প্রসঙ্গে বড় ঘোষণা করেন অজি অধিনায়ক এবং সমবেদনা জানিয়ে সকলকে রক্তদান করার আহ্বান জানান। এই পোষ্ট ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি এবং জনসম্মুখে আসতেই সকলের নজরে ফের নায়ক হয়ে ওঠেন প্যাট।
সমাজমাধ্যমে অজি অধিনায়ক লিখেছেন, “যাঁরা নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন বন্ডি বিচে, সমবেদনা জানাই তাঁদের প্রতি।” এরপরই আহ্বান জানিয়ে প্যাট লেখেন, “দয়া করে যাদের পক্ষে সম্ভব, তাঁরা রক্ত দান করুন।” হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যে অন্তত ১০০ জন মানুষের রক্ত প্রয়োজন একজন আহত ব্যক্তিকে। তার মাঝে প্যাটের এই পোস্ট দেখে সকলেই প্রশংসা করেছেন। বলে রাখা ভালো, ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের নাম সাজিদ আক্রম (৫০) ও তার পুত্র নবিদ আক্রম (২৪)। জানা গিয়েছে, দুজনে পাক নাগরিক বা পাক বংশোদ্ভূত।
প্রসঙ্গত, এটি প্রথমবার নয়, এর আগেও প্যাট কামিন্সকে সাহায্যের হাত বাড়াতে দেখা গিয়েছে সাধারণ মানুষের দিকে। যখন কোভিডের আতঙ্কে ভুগছিল গোটা বিশ্ব, সেই সময় পিএম কেয়ার্স তহবিলে তিনি দিয়েছিলেন ৫০ হাজার মার্কিন ডলার, যা প্রায় ৩৮ লক্ষ টাকা ভারতীয় মুদ্রা অনুযায়ী। আইপিএল খেলার সময় তিনি এই অর্থদান করেছিলেন। এবার নিজের দেশের মানুষের দিকে সাহায্যের হাত বাড়ালেন অজি অধিনায়ক, যা দেখে প্রশংসায় পঞ্চমুখ অস্ট্রেলিয়া সহ গোটা বিশ্ব। সকলেই মনে করছেন যে খেলার মাঠের ভিতরে শুধু নয়, মাঠের বাইরেও তিনি অধিনায়ক এবং তাঁর সঙ্গে কারোর তুলনা হয়না।

