জয় দিয়ে ২০২৬ শুরু ভারতের, কিংয়ের মতো ইনিংস খেললেন কোহলি

জয় দিয়ে ২০২৬ শুরু ভারতের, কিংয়ের মতো ইনিংস খেললেন কোহলি

দেবজিৎ মুখার্জি: ২০২৬ সালের শুরুটা বেশ ভালোভাবেই করল ভারতীয় ক্রিকেট দল। বছরের প্রথম একদিনের ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ অসাধারণভাবে শুরু করলেন শুভমান গিল ও তাঁর বাহিনী। চার উইকেটে ম্যাচ জিতে ১-০তে এগিয়ে গেল তারা সিরিজে। সৌজন্যে বল হাতে পেস বিভাগের দাপট এবং ব্যাট হাতে বিরাট কোহলি ও শুভমান গিলের দুর্দান্ত ইনিংস। যদিও কিউইদের তরফ থেকেও লড়াই দেওয়া হয় ম্যাচ জেতার জন্য। কিন্তু শেষ পর্যন্ত ‘মেন ইন ব্লু’র ব্যাটিং বিভাগের সামনে মাথানত করতে বাধ্য হয় তারা।

রবিবার সিরিজের প্রথম ম্যাচটি খেলা হয় বদোদারার বিসিএ স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়া হয় টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিলের তরফ থেকে। শুরুটা বেশ ভালো হয় নিউজিল্যান্ডের কিন্তু তারপর বড় পার্টনারশিপ করতে দেয়নি টিম ইন্ডিয়ার বোলিং বিভাগ। তবে শেষ পর্যন্ত তারা ৩০০ রানের গন্ডি ছুঁতে সফল হয়। নির্ধারিত ৫০ ওভারে তাদের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ৩০০। সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস আসে ড্যারিল মিচেলের ব্যাট থেকে। এছাড়া হেনরি নিকল্স করেন ৬২ এবং ডেভন কনওয়ে করেন ৫৬। ভারতীয় বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান সিরাজ, কৃষ্ণা ও রানা। এছাড়া একটি উইকেট নিজের ঝুলিতে তোলেন কুলদীপ যাদব।

জবাবে রান তাড়া করতে নেমে ঝড়ের গতিতে রান করা শুরু করে টিম ইন্ডিয়া। তবে ২৬ রান করে নবম ওভারে আউট হন রোহিত শর্মা। এরপর অধিনায়ক শুভমান গিল ও দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলি বড় পার্টনারশিপ করেন। ৫৬ রান করে আউট হয়ে যান গিল। বিরাট কোহলি প্যাভিলিয়নে ফিরে যান ৯৩ রান করে। এছাড়া ১ রানের জন্য অর্ধশতরান থেকে বঞ্চিত হন শ্রেয়াস আইয়ার। ৪৯ রান করে আউট হন তিনি। বেশিক্ষণ টিকে থাকতে পারেননি রবীন্দ্র জাদেজাও। হর্ষিত রানা আউট হন ২৯ রান করে। এরপর ওয়াশিংটন সুন্দরকে নিয়ে দলকে ফিনিশ লাইন পার করেন কেএল রাহুল। ম্যাচের সেরা ঘোষণা করা হয় বিরাট কোহলিকে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *