দেবজিৎ মুখার্জি: বাংলাদেশে মৌলবাদীদের দাপট নিয়ে চিন্তায় গোটা বিশ্ব। যেভাবে প্রতিনিয়ত সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়ে চলেছে, তা এক বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রায় সকলের কাছে বলাই যায়। বিশেষ করে ময়মনসিংহে যেভাবে দিপু দাস নামে এক যুবককে নৃশংস হত্যা করা হয়েছে, তা দেখে ব্যাপক ভয় পেয়েছেন বহু মানুষ। অনেকেই এই ব্যাপারে সরব হয়েছেন এবং হত্যাকারীদের সাজার জন্য আওয়াজ তুলেছেন। বহু বিশিষ্ট মানুষ এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট পর্যন্ত করেছেন।
সেই তালিকায় নাম উঠলো জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী কাজল আগারওয়ালের। তবে সম্প্রতি এমন একটি পোস্ট করে বসলেন তিনি, যার পর তিনি জড়ালেন বিতর্কে। কী বক্তব্য কাজলের? বাংলাদেশী হিন্দুদের রক্ষার ডাক দেওয়ার পাশাপাশি তিনি হিন্দু জাগরণেরও ডাক দিলেন। এই পোস্ট জন্ম দিয়েছে বিতর্কের। অনেকে যেমনি কাজলের সাহসের প্রশংসা করেছেন, আবার অনেকে এমন পোস্টের সমালোচনাও করেছেন। এক কথায় বলতে গেলে, এই পোস্ট নিয়ে শুরু হয়েছে তরজা।
পোস্টে কাজল লিখেছেন, ‘All eyes on Bangladesh Hindus’। এরপরই তিনি হিন্দু জাগরণের ডাক দেন। সিংহম অভিনেত্রী লেখেন, “জেগে উঠুন হিন্দুরা। আপনাদের বাঁচাতে পারবে না এই নীরবতা।” এই আবহে কাজলের এমন পোস্ট ভাইরাল হতে সময় লাগেনি। লোকের চোখে পড়তেই শুরু হয় কমেন্ট করা। কেউ মনে করছেন যে কাজল যা বলেছেন, একেবারে ঠিক বলেছেন। আবার অনেকের মতে কাজল বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছেন। অর্থাৎ যেমন প্রশংসা ধেয়ে এসেছে, তেমনি ধেয়ে এসেছে সমালোচনা। অনেকে ভালো চোখে নিয়েছেন, আবার অনেকে ভালো চোখে নেননি বিষয়টি।
যদিও কাজল প্রথম নন, দিপু দাসের হত্যাকাণ্ডের ঘটনা জনসম্মুখে আসতেই বহু নেটিজেন হিন্দুদের জেগে ওঠার ডাক দিয়েছিলেন। বলা ভালো, দু’ভাগে ভাগ হয়ে গিয়েছিলেন নেটিজেনরা। কেউ হিন্দুদের পাল্টা দেওয়ার কথা বলছিলেন, আবার অনেকে সেকুলারিজমের পথে হাঁটছিলেন। তবে দিনের শেষে এই ঘটনা একেবারে তোলপাড় ফেলে দিয়েছে চারিদিকে। সেক্ষেত্রে দেখার যে কোথায় গিয়ে বিষয়টি থামে।

