দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে বলিপাড়ায় অন্যতম আলোচনার বিষয় বলিউডের প্রবীণ অভিনেতা ধরমপাজি, ওরফে ধর্মেন্দ্র। দিন দুয়েক আগে তাঁকে নিয়ে রীতিমতো হইচই চলেছে গোটা বলিউডে। গত ১০ নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই চিন্তায় পড়েছিলেন তাঁর ভক্তরা। তার উপর তাঁর মৃত্যুর ভুয়ো খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই কিছুক্ষণের জন্য শোকের ছায়া নেমে আসে গোটা বিনোদন জগতে। তবে দেওল পরিবার এই খবরে ক্ষুব্ধ হয়ে অবশেষে পরিষ্কার করে দেয় যে পুরো খবরটাই মিথ্যা। লিডিং সংবাদমাধ্যমগুলির এমন ভুল খবর ছড়ানো দেখে বেশ রেগে গিয়েছিলেন সকলে।
বুধবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাড়ি ফেরেন ধর্মেন্দ্র। তবে প্রবীণ অভিনেতার বাড়ির বাইরে ছবিশিকারীদের ভিড় দেখে রীতিমতো রেগে যান সানি দেওল। বাড়ির বাইরে এত ঢল দেখে তিনি নিজের রাগ সামলে রাখতে পারেননি। সকলকে তিনি বলেন, “লজ্জা করে না আপনাদের? সদস্য নেই আপনাদের পরিবারের? ছবি তুলে যাচ্ছেন নির্লজ্জের মতো? লজ্জা হওয়া উচিত আপনাদের।” এই ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে চোখের নিমেষে ছড়িয়ে পড়ে এবং তা দেখে কমেন্ট করা শুরু করেন নেটিজেনেরা। অনেকেই দাবি করেছেন যে এমনটা করা একেবারেই ঠিক হয়নি ছবিশিকারীদের। আবার অনেকে এমনটাও দাবি করেছেন যে সানি এমন আচরণ দেখে নিজের রাগ সামলে রাখতে পারেননি এবং তার থেকেই বলে ফেলেছেন এমন কথা।
প্রসঙ্গত, প্রবীণ অভিনেতা বাড়ি ফেরার পর প্রথম তিনি কেমন আছেন, তা নিয়ে মুখ খুললেন তাঁর স্ত্রী, তথা বলিউডের ড্রিম গার্ল, হেমা মালিনী। ধর্মেন্দ্র কেমন আছেন, তা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে হেমা মালিনী বলেন, “এটা খুবই কঠিন সময় আমার ও আমার পরিবারের জন্য। খুব দুশ্চিন্তায় দিন কাটছে ওনার সন্তানদের। তবে আমি অনেকটা নিশ্চিত হতে পেরেছি এতে যে উনি বাড়ি ফিরেছেন হাসপাতাল থেকে। বিনিদ্র রাত কাটছে একের পর এক আমাদের। এখন পরিবার ও প্রিয়জনদের ওনার কাছে থাকার প্রয়োজন। এখন ঈশ্বরের হাতে বাকি সবটাই। দ্রুত আরোগ্য কামনা করবেন ওনার।”

