নিজের লেখা গান দিয়ে রাজ্যবাসীকে বড়দিনের শুভেচ্ছা মমতার

নিজের লেখা গান দিয়ে রাজ্যবাসীকে বড়দিনের শুভেচ্ছা মমতার

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আজ বড়দিন। আর কিছুক্ষণ পরই চেনা কলকাতার রাস্তার চিত্র একেবারে পাল্টে যাবে। আলোয় আলোয় ভর্তি হয়ে যাবে গোটা শহর এবং এর সঙ্গে পথে নামবেন বহু সাধারণ মানুষ ক্রিসমাস পালন করতে। প্রতিবারের মতো এবারও যে পার্কস্ট্রিট ও তার আশেপাশের চত্বরে ভালোরকম ভিড় দেখা যাবে, তা না বললেও বোঝা যায়। তবে প্রশাসনের তরফ থেকেও জোরদার ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে আজকের দিনে কোন বিপদ বা অপ্রীতিকর ঘটনা না ঘটে। এক কথায় বলতে গেলে, শহর কলকাতার চেহারা আর কিছুক্ষণের মধ্যে একেবারে বদলাতে চলেছে। 

তার আগে সকল রাজ্যবাসীকে বড়দিনের শুভেচ্ছা গান লিখে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি উৎসবের মতো এবারও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো কলম ধরেন। তিনি যে গানটি লিখেছেন, তা তিনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং তা দিয়েই সকল নাগরিককে শুভেচ্ছা জানান। তবে শুধু শুভেচ্ছাই জানাননি প্রশাসনিক প্রধান, এর সঙ্গে দিয়েছেন বিশ্বশান্তির বার্তাও।

যেই গানটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, তা হল:

শান্তির দীপ এসো ঘরে ঘরে

তুমি প্রভু এসো হৃদয় জুড়ে

এসো প্রভু সবার হৃদয় জুড়ে

তুমি যে শান্তির বাণী প্রচারে

দেখালে শান্তির পথ

তোমার অমৃতবাণী সম্ভারে

আমরা পেলাম সব

এসো পিতা ঘরে ঘরে

শান্তি দাও তুমি সবার তরে

তুমি বিশ্ব বিশ্বপিতা

আমাদের সবার নত মাথা

তোমার বাণী সবার তরে

শান্তি আসুক বিশ্ব জুড়ে

তোমার আশিস ঘরে ঘরে

বিশ্ব আসুক সবার ঘরে

লহ প্রণাম… লহ প্রণাম… লহ প্রণাম… লহ প্রণাম

তোমার বাণী সবার তরে

নতুন সূর্য আসুক ঘরে

বিশ্বপিতা, তুমি বিশ্বপিতা

বিশ্বপিতা, তুমি শান্তিদাতা

গানটির যে ভিডিও শেয়ার করা হয়েছে, তা ৩ মিনিট ৫৩ সেকেন্ডের এবং তা গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। ফিল্মিংয়ে দেখানো হয়েছে তিলোত্তমার একাধিক জায়গা। শুধু তাই নয়, দেখানো হয়েছে বড়দিনে ক্ষুদেদের সঙ্গে মুখ্যমন্ত্রী যে সময় কাটিয়েছেন, তার টুকরো ছবিও।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *