ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে মুখ খুললেন জয়শংকর

ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে মুখ খুললেন জয়শংকর

নিউজ ডেস্ক: বিদেশ মন্ত্রকের পর এবার ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে মুখ খুললেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শংকর। ৬ দিনের ইউরোপ সফরে মঙ্গলবার লুক্সেমবার্গের এক আলোচনা সভা থেকে বক্তৃতা দেওয়ার সময় তিনি এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি পরিষ্কার করে দেন যে নয়াদিল্লি সেই দেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। এখানেই শেষ নয়, তিনি সকলকে অনুরোধ পর্যন্ত করেন এই নিয়ে আলোচনায় বসার। বলা ভালো, তিনি বুঝিয়ে দিলেন যে গোটা বিষয়টি নিয়ে ঠিক কতটা চাপে আছে ভারত সরকার।

জয়শংকর বলেন, “ইতিমধ্যেই আমাদের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেটি আপনাদের দেখা উচিত বলে আমি মনে করি। যদি ওই বিবৃতিটি আমি সংক্ষেপে বোঝাই, তাহলে বলতে হবে এই পরিস্থিতি নিয়ে আমরা চিন্তিত। আমাদের তরফ থেকে সংশ্লিষ্ট সকল পক্ষকে অনুরোধ, তারা যেন আলোচনায় বসে। এমন একটি সিদ্ধান্তে তারা যেন আসে, যাতে উপকৃত হয় সাধারণ মানুষ। যাতে তাদের সুরক্ষায় বিঘ্নিত না ঘটে। এটাই আমাদের আসল চিন্তার বিষয় দিনের শেষে। বহু বছর ধরে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে ভেনেজুয়েলার সঙ্গে। যেদিকেই পরিস্থিতি যাক না কেন, আমরা চাই সেখানকার মানুষ যেন ভালো থাকে।”

বলে রাখা ভালো, ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে এই নিয়ে তিনবার প্রতিক্রিয়া দিয়েছে ভারত। প্রথমবার দেওয়া হয়েছিল গত শনিবার রাতে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সোশ্যাল মিডিয়ায় সতর্কবার্তা দেন সেখানে থাকা সকল ভারতীয়দের উদ্দেশ্যে। তাঁর বক্তব্য, দরকার হলে যেন ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি এই পরামর্শও দেন যে প্রয়োজন ছাড়া যেন সেখানে ভারতীয়রা না যান।

এরপর বিবৃতি দেওয়া হয় গত সোমবার, যেখানে সমস্যার সমাধান করার কথা বলা হয়েছে আলোচনার মাধ্যমে। তাতে স্পষ্ট করে দেওয়া হয় যে গোটা বিষয়টি নিয়ে চিন্তিত ভারত। বিবৃতিতে লেখা, “ভারতের সমর্থন অটুট রয়েছে ভেনেজুয়েলার বাসিন্দাদের সুরক্ষা এবং হিতার্থে। আমরা সকল পক্ষকে আহ্বান জানাচ্ছি আলোচনার দ্বারা সমস্যার সমাধান করার। পাশাপাশি, আর্জি জানাচ্ছি সমগ্র অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *