নিউজ ডেস্ক: সম্প্রতি, আরব আমিশাহীর বিরুদ্ধে ৯৫ বলে ১৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলে তাক লাগিয়ে দিয়েছিলেন ‘বেবি বস’ বৈভব সূর্যবংশী। সেই রেশ কাটতে না কাটতেই নজির গড়ে বসলেন বাঙালি ক্রিকেটার অভিজ্ঞান কুন্ডু। মঙ্গলবার বৈভবের রেকর্ড ভাঙলেন তিনি। যুব এশিয়া কাপে মালয়েশিয়ার বিরুদ্ধে ১২৫ বলে ২০৯ রানের এক মারকুটে ইনিংস উপহার দিলেন দেশের ক্রিকেটপ্রেমীদের। স্বাভাবিকভাবেই তিনি হয়ে উঠেছেন এখন এক বড় আলোচনার বিষয়। শুধু তাই নয়, আগামীদিনে যে সিনিয়র দলেও তিনি জায়গা করে নেবেন, তা নিয়েও শুরু হয়েছে কথাবার্তা।
১২৫ বলে ২০৯ রানের এই ইনিংসে ছিল ১৭টি চার এবং ৯টি ছয়। স্ট্রাইক রেট দেড়শরও বেশি। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে এমন দুর্দান্ত দ্বিশতরানের ইনিংস খেলে তিনি শুধু বৈভব সূর্যবংশীরই রেকর্ড ভাঙেননি, বরং এর সাথে আরো একটি নজির গড়েছেন। ছোটদের ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি প্রথম ভারতীয় ব্যাটার যিনি দ্বিশতরান করেছেন। ম্যাচটিও বড় ব্যবধানে জিতেছে ভারত এবং ম্যাচের সেরা পুরস্কার নিজের ঝুলিতে তুলেছেন অভিজ্ঞান। তাঁর এই কীর্তি দেখে এখন থেকেই বড় ভবিষ্যদ্বাণী করতে শুরু করেছেন অনেকে। কেউকেউ তো আবার অভিজ্ঞানকে ধোনির বিকল্প বলেও মনে করতে শুরু করেছেন।
বলে রাখা ভালো, অভিজ্ঞান জন্মসূত্রে বাঙ্গালী হলেও তাঁর বড় হয়ে ওঠা মুম্বাইতে। অল্প বয়সে তিনি অনুশীলন করেছেন অবিনাশ সালভি ফাউন্ডেশনে। রোজ ১০ হাজার করে বল খেলতেন নিজের খেলা নিখুঁত করার জন্য। এরপর একাধিক প্রতিযোগিতাও মুম্বাইয়ের হয়ে খেলেছেন। ধারাবাহিকভাবে রান করে দেশের অনূর্ধ্ব-১৯ দলেও জায়গা করে নিতে সফল হয়েছেন। তবে এবার তিনি যা করে দেখালেন, তা দেখে মুগ্ধ গোটা ক্রিকেটমহল। তাঁর খেলা দেখে অনেকেই মনে করতে শুরু করেছেন যে ভারতীয় ক্রিকেট সুরক্ষিত হাতেই যাবে। সেক্ষেত্রে দেখার বিষয় যে আগামীদিনে তিনি কেমন পারফর্ম করেন ব্যাট হাতে এবং আরো কত নজির গড়েন।
