নিউজ ডেস্ক: এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মুখে শুধু একটাই নাম ঘোরাফেরা করছে আর সেটা হল দলের তরুণ পেসার আকাশ দীপ। যেভাবে চলতি ওভাল টেস্টে নাইট ওয়াচম্যানের ভূমিকা পালন করতে নেমে একটি দুর্দান্ত অর্ধশতরানের ইনিংস খেলেছেন, তার প্রশংসা করেছে বিশ্ব ক্রিকেট। শুধু তাই নয়, বহু প্রাক্তন তারকা এটাও দাবি করেছেন যে তাঁর এই ইনিংস অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল পরিস্থিতি অনুযায়ী। বহু ক্রিকেটপ্রেমী এটাও মনে করছেন যে তাঁকে আগামী টেস্ট সিরিজগুলিতে বুদ্ধি করে কাজে লাগাতে পারলে বেশ ফায়দা হবে দলের।
চেতেশ্বর পূজারাকে এক সাক্ষাৎকারে নিজের ইনিংস প্রসঙ্গে জানান আকাশ। তিনি বলেন, “কোনকিছু প্ল্যানিং করে নামিনি আগে থেকে। তবে নাইট ওয়াচম্যান হিসেবে ব্যাট করতে নামার পর যখন ড্রেসিং রুমে ফিরছিলাম সেদিন, তখন থেকেই তৃতীয় দিনের কথা মাথায় ঘুরছিল। জানতাম ম্যাচ ও সিরিজের প্রেক্ষিতে দিনটা গুরুত্বপূর্ণ।”
তিনি আরো বলেন, “আমার লক্ষ্য ছিল একটা ভালো জায়গায় দলকে পৌঁছে দেওয়া। ব্যাটিং হোক কি বোলিং, যেটাই করি না কেন সর্বদা ভালো কিছু করার চেষ্টা করি দলের জন্য। মাথায় শুধু এটাই চলছিল যে কোনভাবে আউট হওয়া যাবেনা। খুব ভালো একটা বলে আউট হওয়া আলাদা ব্যাপার। কিন্তু নিজে থেকে উইকেট ছুড়ে দেবো না।” প্রসঙ্গত, চতুর্থ দিনের খেলা শেষে ইংল্যান্ডের স্কোর ছয় উইকেটে ৩৩৯। শেষদিনে জয়ের জন্য বাকি আরো ৩৫ রানে। এবার দেখার বিষয় কি হয় ম্যাচের ফলাফল।
