নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের ব্যাটিংয়ের মাধ্যমে বড় নাম বানিয়ে ফেলেছেন ভারতীয় ক্রিকেট দলের দুই নক্ষত্র বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুজনে পার্টনারশিপ গড়লেই ধরে নেওয়া হয় ম্যাচ ভারতের ঝুলিতে যাবে। একাধিকবার দুজনে একসঙ্গে দলকে ফিনিশ লাইন পার করিয়েছেন। দুই ক্রিকেটারের নামের পেছনে রয়েছে অজস্র সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। এক কথায় বলতে গেলে, এখনো তারা ভারতীয় ক্রিকেটের একটি স্তম্ভ।
তবে চলতি বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচে টেস্ট সিরিজের আগে দুজনের হঠাৎ অবসর নেওয়া হতাশ করেছিল তাঁদের ভক্ত থেকে শুরু করে দেশের সকল ক্রিকেটপ্রেমীকে। অনেকেই তখন দাবি করেছিলেন যে দুজনে ইচ্ছাকৃত সরে দাঁড়াতে চায়নি, বরং বাধ্য করা হয়েছে। বলতে গেলে, এখনো লোকে তাই মনে করেন। এমনিতেই ২০২৪ সালে ২০ ওভারের বিশ্বকাপ জয়ের পর একসঙ্গে অবসর ঘোষণা করেছিলেন, তার উপর টেস্টেও দুজনের একসঙ্গে অবসর নেওয়া, বিষয়টিকে অন্য জায়গায় নিয়ে গেছিল।
এই মুহূর্তে রোকো খেলতে পারবেন শুধু ওডিআই ক্রিকেট। আর কিছুদিন বাদেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের মাঠে খেলতে দেখা যাবে দুই তারকাকে। ১৯শে অক্টোবর থেকে ওডিআই সিরিজ শুরু। তবে তার আগে ভারতীয় সমর্থকদের জন্য সকল বরাদ্দ আসন ভর্তি হয়ে গেছে বলে খবর দেওয়া হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে। সিডনি এবং ক্যানবেরার ম্যাচগুলির জন্য পাবলিক টিকিটও বিক্রি হয়ে গিয়েছে বলে খবর এবং বাকিগুলিও তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
এই ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার ইভেন্টস এবং অপারেশনস ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজার জোয়েল মরিসন বলেন, “এখন থেকেই আগ্রহ আলাদা মাত্রার। সমর্থকদের আবেগপ্রবণতা দেখে উত্তেজিত। এটা ভেবে খুব ভালো লাগছে যে মাঠে একটা অন্যরকম পরিবেশ তৈরি হবে। অপেক্ষা করছি দুই শক্তিশালী ক্রিকেটীয় দেশের মধ্যে এক আলাদা মানের প্রতিযোগিতার জন্য।” এবার দেখার বিষয় শেষ পর্যন্ত কেমন হয় আসন্ন সিরিজ।

