নিউজ ডেস্ক: “সিরিজের আগে যা শিখেছিলাম তা কাজে এসেছে” ২৫০ রানের বেশি একটি দুর্দান্ত ইনিংস খেলে দ্বিতীয় দিনের খেলা শেষে এমনটাই দাবি করলেন ভারতীয় টেস্ট ক্রিকেট দলের নতুন অধিনায়ক শুভমান গিল। তিনি নিজের ব্যাটিং ফর্ম নিয়ে যাবতীয় সব বক্তব্য তুলে ধরেন। তাঁর বক্তব্য, সিরিজ শুরুর আগে তিনি অনেক কিছুর উপর কাজ করেছিলেন, যা তিনি ভেবেছিলেন গুরুত্বপূর্ণ এবং সেগুলোই কাজে এসেছে।
দেখতে দেখতে বার্মিংহামের শুরু হয়ে গেল ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে রীতিমতো রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া। ৫৮৭ রানে অলআউট হয়ে যায় গোটা দল। জবাবে দ্বিতীয় দিনের খেলার শেষে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৭৭। ক্রিকেটপ্রেমীরা মনে করছেন গত ম্যাচের তুলনায় এই ম্যাচে বেশ ভালো পারফর্ম করছেন টিম ইন্ডিয়ার বোলিং বিভাগ। শুধু তাই নয়, যেভাবে শুরুর দিকে ইংল্যান্ড কে ধাক্কা দিয়েছেন দলের বোলাররা, তার প্রশংসা করেছেন সকলে।
তবে দ্বিতীয় দিনের খেলা দুই দেশের ক্রিকেটপ্রেমীদেরই দৃষ্টি আকর্ষণ করতে সফল হয়েছে শুভমান গিলের ইনিংস। ম্যাচের প্রথম দিন ১১৪ রানে অপরাজিত ছিলেন তিনি। দ্বিতীয় দিন তার চেয়েও বেশি ভালো খেলা দেখালেন টিম ইন্ডিয়া অধিনায়ক। ২৬৬ রানের একটি অসাধারণ ইনিংস খেললেন তিনি এবং এর সঙ্গে ভাঙলেন দলের প্রাক্তন তারকা বিরাট কোহলির রেকর্ড। এর আগে এজবাস্টনে কিং কোহলি ভারতীয় বেটারদের মধ্যে সর্বোচ্চ রান করেছিলেন। তাঁর ব্যক্তিগত সংগ্রহ ছিল ১৪৯। এবার তা ভাঙলেন গিল ১৫০ রানের গণ্ডি ছুঁয়ে। এরপর ২৬৯ করায় তিনি ভাঙলেন শচীন তেন্ডুলকর, সুনীল গাভাস্কার ও বিরাট কোহলির রেকর্ড।
দ্বিতীয় দিনের খেলার শেষে নিজের ইনিংস প্রসঙ্গ বক্তব্য রাখেন গিল। ভারতীয় ক্রিকেট দলের নতুন টেস্ট অধিনায়ক বলেন, “এই সিরিজে খেলতে নামার আগে আমি অনেক কিছুর উপর কাজ করি, যেটা আমার মনে হয়েছিল গুরুত্বপূর্ণ। এখনো পর্যন্ত যা হয়েছে তাতে যা শিখেছি সব কাজে এসেছে।” এবার দেখার বিষয় যে গিলের এই ইনিংস শেষ পর্যন্ত কাজে আসে কিনা। টিম ইন্ডিয়া কি পারবে ইংল্যান্ডকে দ্বিতীয় টেস্টে হারিয়ে সিরিজে ঘুরে দাঁড়াতে? কি হবে ম্যাচের ফলাফল? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আর কয়েকটা দিনের মধ্যে।
