নিউজ ডেস্ক: দেখতে দেখতে শেষ হয়ে গেছে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। যেমন নাটকীয়ভাবে সিরিজের শুরু হয়, তেমনি তা শেষ হয় নাটকীয়ভাবে। অন্তিম টেস্টে অন্তিম দিনে একেবারে তাক লাগিয়ে দেয় টিম ইন্ডিয়ার বোলিং বিভাগ। ইংল্যান্ডের দাপুটে ব্যাটিং অর্ডারকে রীতিমত চমকে দেয় তারা। মাত্র ৬ রানে ম্যাচ জেতে ভারত এবং সিরিজ ড্র করে ২-২ ফলাফলে।
তবে এই সবকিছুর মাঝে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছেন মহাম্মদ সিরাজ। যে সাহস নিয়ে তিনি বল করেছেন এবং ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারকে তছনছ করে দিয়েছেন, তার প্রশংসা করেছে গোটা ক্রিকেট বিশ্ব। ৮ থেকে ৮০ সকলেই সিরাজের প্রশংসায় পঞ্চমুখ। বলা ভালো, এই মুহূর্তে তিনি হট টপিক হয়ে উঠেছেন। সকলের মুখে এখন তাঁরই নাম শোনা যাচ্ছে।
সোমবার ডেভিড গাওয়ার প্রশ্ন করেছিলেন যে সিরাজ কি খান এবং তাঁর ফিটনেসের রহস্য কি। তারপরের দিনই সেই প্রশ্নের উত্তর দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা মহাম্মদ আজহারউদ্দিন। প্রাক্তন অধিনায়ক বলেন, “ও দূরন্ত বোলিং করেছে আর এর জন্য ধন্যবাদ নাল্লি গোস্ত বিরিয়ানি আর পায়াকে। এর ফলে ওর শরীর মজবুত হয়েছে। বিশেষ করে ওর পা বেশ শক্ত হয়েছে এবং মাঠে ভালোই শক্তি দেখিয়েছে।”
