দেবজিৎ মুখার্জি: গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার হেড কোচ হয়ে আসার পর থেকে ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট, অর্থাৎ টেস্টে, দলের পারফরমেন্স একেবারেই আর আগের মতো হচ্ছে না। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ পরাজয়ের পর যদিও ইংল্যান্ডের মাটিতে সিরিজ ও দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ভারত। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে সহজ জয় হাতছাড়া হওয়ায় ক্ষুব্দ দেশের ক্রিকেটমহল। বহু ক্রিকেটপ্রেমী আবার গৌতম গম্ভীরের পদত্যাগের দাবি তুলেছেন। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে বোর্ড গৌতিকে নিয়ে কি ভাবছে।
এবার এই ব্যাপারে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া। কী বক্তব্য তাঁর? তিনি পরিষ্কার করে দেন যে গম্ভীরের উপর আস্থা হারাচ্ছে না বোর্ড। শুধু তাই নয়, ব্যর্থতার পরে যে সমালোচনা শুরু হয়েছে চারিদিকে, সেই ব্যাপারে বোর্ড যে মাথা ঘামাতে নারাজ, তাও তিনি স্পষ্ট করে দেন। এক কথায় বলতে গেলে তিনি নিজের বক্তব্য বুঝিয়ে দেন যে গম্ভীরকে প্রধান কোচের পদ থেকে সরানো হবে না এবং তার উপর বোর্ডের বিশ্বাস রয়েছে।
দেবজিৎ সাইকিয়া বলেন, “নির্বাচক, হেড কোচ বা দলের ক্রিকেটার, সকলের উপরই আমাদের ভরসা রয়েছে। আলাদা করে কাউকে দেখি না আমরা। পূর্ণ সমর্থন রয়েছে আমাদের সকলের প্রতি। সেই কারণেই তারা ভালো পারফর্ম করছে। ম্যাচ হারলে তো কথা হবেই সমাজমাধ্যমে। তবে এগুলো নিয়ে আমরা মাথা ঘামাই না। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি নিজেদের নামে করেছি। এশিয়া কাপ নিজেদের ঝুলিতে তুলেছি দুর্দান্ত ক্রিকেট খেলে। লড়াই করে সিরিজে সমতা ফিরিয়েছি ইংল্যান্ডের বিরুদ্ধে।”
প্রসঙ্গত, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ইডেন গার্ডেন্সে ৩০ রানে জিতেছে প্রোটিয়ারা। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা করে ১৫৯। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ১৮৯ রানে। এরপর ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়ে যায় ১৫৩ রানে। ১২৪ রান তারা করতে নেমে ৯৩ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। বলে রাখা ভালো, এই মুহূর্তে গুয়াহাটিতে চলছে সিরিজের দ্বিতীয়, তথা অন্তিম টেস্ট ম্যাচ।
