“বোর্ড সিদ্ধান্ত নেবে” টেস্ট ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে জানালেন গম্ভীর

“বোর্ড সিদ্ধান্ত নেবে” টেস্ট ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে জানালেন গম্ভীর

দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে চরম শোকাহত দেশের ক্রিকেটমহল। ইডেনের পর যেভাবে গুয়াহাটিতেও লজ্জাজনক পরাজয়ের শিকার হয়েছে টিম ইন্ডিয়া, তা দেখে হতাশ হয়েছেন দেশের ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন তারকা সকলেই। বলা ভালো, অনেকেই এই হার মেনে নিতে পারছেন না। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে দলের হেড কোচ গৌতম গম্ভীরের নীতি ও প্লেইং স্ট্র্যাটেজি নিয়ে। সাংবাদিক সম্মেলনে তাঁর টেস্ট ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠলে, তিনি বল ঠেলে দেন বিসিসিআইয়ের কোর্টে। তাঁর সাফ কথা, বোর্ড সমস্ত সিদ্ধান্ত নেবে।

গৌতম গম্ভীর বলেন, “এটা বোর্ডের সিদ্ধান্ত। আমি নই, আমার কাছে সবার আগে গুরুত্বপূর্ণ ভারতীয় ক্রিকেট।” এরপরই তিনি মনে করিয়ে দেন, “তবে আমরা এই ভালো ফলাফল করেছি ইংল্যান্ডে। নিজেদের নামে করেছি চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ। আমরা এমন এক দল, যারা প্রত্যেকটি মুহূর্তে শিখছি।” পাশাপাশি ভুলের মাশুল নিয়ে প্রসঙ্গ উঠলে, তিনি দাবি করেন যে দোষ সকলেরই ছিল। গম্ভীর বলেন, “সকলের দোষ। তবে যদি এর তালিকা করতে হয়, তাহলে আমাকে দিয়েই শুরু করা উচিত। এটা আসলে ট্রানজিশন। সুতরাং সময় দিতেই হবে। আরও ভালো খেলতে হবে আমাদের।”

যদিও গম্ভীর এটাও একপ্রকার স্বীকার করেছেন যে তিনি অভিজ্ঞ ক্রিকেটারদের না থাকার বিষয়টি অনুভব করছেন। তিনি বলেন, “বহু এক্সপেরিয়েন্সড ক্রিকেটারকে আমরা একসঙ্গে হারিয়েছি এবং তাই বলব যে আমরা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা অত্যন্ত কঠিন মানিয়ে নেওয়া। তাই সকলকে সময় দেওয়া গুরুত্বপূর্ণ। আমার মনে পড়ে না এর আগে দলে এমন ট্রানজিশন হয়েছে দুই বিভাগে।” এরপর একপ্রকার সমালোচকদের উদ্দেশ্যেই গম্ভীর এক বার্তা দেন। তিনি বলেন, “ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের এই দলটা। এটা বোঝা উচিত সবার। অভিজ্ঞতা থাকা দরকার যদি ধারাবাহিকতা বজায় রাখতে হয় টেস্ট ক্রিকেটে।”

প্রসঙ্গত, গুয়াহাটি টেস্টে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪৮৯ রান। জবাবে লিড নিতে নেমে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ২০১ রানে। এরপর দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নামে এবং ৫ উইকেট হারিয়ে ২৬০ রান করে ইনিংস ঘোষণা করে। ৫৪৯ রানের টার্গেট তাড়া করতে নেমে টিম ইন্ডিয়া তাদের সবকটি উইকেট হারায় ১৪০ রানে। ৪০৮ রানে ম্যাচ জিতে ২-০ ফলাফলে সিরিজ নিজেদের ঝুলিতে তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ম্যাচের সেরা ঘোষণা করা হয় দক্ষিণ আফ্রিকার পেস তারকা মার্কো ইয়ানসেনকে। অন্যদিকে সিরিজের সেরা ঘোষণা করা হয় সিমন হার্মারকে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *