নিউজ ডেস্ক: লিডস টেস্টে পরাজয়ের পর মন ভেঙেছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। যেভাবে দলের ব্যাটাররা পারফর্ম করেছিলেন, তাতে অনেকেই মনে করেছিলেন যে রানের পাহাড় গড়ায় ম্যাচ সহজেই জিতবে ভারত। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। উল্টে ৫ উইকেটে ম্যাচ নিজেদের নামে করে নেয় ইংল্যান্ড। বোলিং বিভাগ শক্তিশালী না হওয়ায় তা কাজে লাগিয়েছেন ইংলিশ ব্যাটাররা। বলা ভালো, ম্যাচের শেষ দিনে রীতিমতো হাবুডুবু খাইয়েছেন ভারতের বোলারদের।
এমন পরিস্থিতিতে আরও বড় সংকটে পড়েছে ভারতীয় ক্রিকেট দল। ইতিমধ্যেই দ্বিতীয় টেস্টের আগে এজব্যাস্টন পৌঁছে গেছেন ক্রিকেটাররা এবং শুরু করে দিয়েছেন জোরদার অনুশীলন। কিন্তু সেখানে দেখা যায়নি দলের তারকা পেসার জাসপ্রিত বুমরাহকে। এর থেকে ধরে নেওয়া হচ্ছে যে আসন্ন টেস্টে তাঁকে দেখা যাবে না প্লেয়িং একাদশে। সেটা যদি হয় তাহলে বড় চাপে পড়বে গোটা দল। কারণ এই মুহূর্তে বুমরাহ ছাড়া বোলিং বিভাগে কেউ তেমন শক্তিশালী নেই।
তবে বুমরাহের পরিবর্তে কাকে নেওয়া যেতে পারে দলে? এবার এই প্রসঙ্গে নিজের অবস্থান জানালেন প্রাক্তন ইংরেজ তারকা স্টুয়ার্ট ব্রড। কি বললেন তিনি? প্রাক্তন তারকার মতে অর্শদীপ সিংকে সুযোগ দেওয়া উচিত। তিনি বলেন, “ওর হাতে সুইং রয়েছে এবং শুরুতেই ও যদি তা নিয়ন্ত্রণে রাখতে পারে, তাহলে টিম ইন্ডিয়া বড় সুবিধা পাবে। সেক্ষেত্রে যদি বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়, আমি অধিনায়ক হলে তাঁর জায়গায় অর্শদীপ সিংকে নিতাম।” এবার দেখার বিষয় যে দ্বিতীয় টেস্টে সুযোগ পান কিনা অর্শদীপ।
