নিউজ ডেস্ক: জমে উঠেছে বার্মিংহাম টেস্ট। এই মুহূর্তে যেই জায়গায় রয়েছে ম্যাচ, তাতে যে কেউ জিততে পারে। জয়ের দরজা খোলা রয়েছে ভারত ও ইংল্যান্ড দুজনের জন্যই। তৃতীয় দিনের খেলায় এক অসাধারণ ক্রিকেট উপহার দিলেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও জ্যামি স্মিথ। এমন একটি সময় দুজনে পার্টনারশিপ গড়েন, যখন মনে করা হচ্ছিল অল্প রানে শেষ হয়ে যাবে ইংল্যান্ডের ইনিংস। শুধু তাই নয়, অনেকে এটাও মনে করছিলেন যে ইনিংস ডিফিট খেতে পারেন বেন স্টোকস ও তাঁর বাহিনী। এক কথায় বলতে গেলে, একেবারে কঠিন পরিস্থিতি থেকে দলকে তুলে আনেন দুই তরুণ ক্রিকেটার।
টিম ইন্ডিয়ার করা ৫৮৭ রানের জবাবে দ্বিতীয় দিনের খেলার শেষে ইংল্যান্ডের স্কোর দাঁড়িয়েছিল তিন উইকেটে ৭৭। সেই মুহূর্তে ক্রিকেটপ্রেমীরা ধরে নিয়েছিলেন যে তৃতীয় দিন সামান্য রানেই শেষ হয়ে যাবে ইংল্যান্ডের ইনিংস। শুরুর দিকে সেভাবেই এগোচ্ছিল। কিন্তু তারপর এক অসাধারণ কীর্তি করে দেখায় দলের দুই তরুণ ক্রিকেটার হ্যারি ব্রুক ও জ্যামি স্মিথ। ৩০০ রানের বেশি পার্টনারশিপ করেন দুজনে। শুধু তাই নয়, দুজনের ব্যাট থেকেই সেঞ্চুরি আসে, যা দেখে খুশি হন স্টেডিয়ামে উপস্থিত ইংল্যান্ডের দর্শক থেকে শুরু করে সেই দেশের ক্রিকেটপ্রেমীরা। অবশেষে তা ভাঙেন টিম ইন্ডিয়ার তরুণ পেসার আকাশ দীপ। ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ৪০৭ রানে। দিনের শেষে ভারতের স্কোর এক উইকেটে ৬৪।
দুজনের ব্যাটিংয়ের মুহূর্ত ভাইরাল হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে। এরপরই কমেন্ট করতে শুরু করেন ক্রিকেটপ্রেমীরা। সকলেই নিজেদের মতামত জানান। বিভিন্ন ব্যবহারকারী বিভিন্ন মত দেন। কেউ প্রশংসা করেন দুজনের ব্যাটিংয়ের। আবার অনেককে নিন্দা করতে দেখা যায় ভারতের বোলিংয়ের। বলা ভালো, অনেকে এই বড় পার্টনারশিপের জন্য টিম ইন্ডিয়ার বোলিং বিভাগকে দায়ী করেছেন। তবে দিনের শেষে দুই তরুণ ক্রিকেটারের এই সাহসী ব্যাটিং মন জয় করেছে শুধু সেই দেশের ক্রিকেটপ্রেমীদের নয়, বিশ্বের সকল ক্রিকেটপ্রেমীদের। বলা ভালো, এখন অনেকেই এই ব্যাপারে আলোচনা করছেন। এবার দেখার ম্যাচের ফলাফল কি হয়।

