নিউজ ডেস্ক: এই মুহূর্তে ক্রিকেটপ্রেমীদের অন্যতম আলোচনার বিষয় ভারতী ও ইংল্যান্ডের মধ্যে চলতি ম্যানচেস্টার টেস্ট। দুই দলের কাছেই ম্যাচটি জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইংল্যান্ড যদি জয় পায়, তাহলে সিরিজ নিজেদের পকেটে তুলে নিতে পারবে। আবার অন্যদিকে ভারত জিতলে সিরিজে সমতা ফেরাতে পারবে। যদিও ড্র হয়, তাহলে ইংল্যান্ডের অন্তত সিরিজ পরাজয়ের চাপ থাকবে না, আবার ভারতও আরেকটি সুযোগ পাবে কামব্যাক করার। এক কথায় বলতে গেলে, এই ম্যাচের গুরুত্ব রয়েছে।
তবে এর মাঝেই বোমা ফাটালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহাম্মদ কাইফ। তিনি করে বসলেন এক বিস্ফোরক মন্তব্য। কি সেই বিস্ফোরক মন্তব্য? তাঁর বক্তব্য, ভারতীয় পেস তারকার শরীর আর দিচ্ছে না এবং তিনি হয়তো শীঘ্রই ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে পারেন। যদিও তিনি বুমরাহের সমালোচনা করেননি, তবে এটা জানিয়ে দিয়েছেন যে বর্তমানে এমআই তারকা নিজের ১০০ শতাংশ দিতে পারছেন না।
কাইফ বলেন, “ওকে দেখে মনে হচ্ছে না যে ও আগামী ম্যাচগুলো খেলতে পারবে এবং অবসর নিয়ে নিতে পারে। আর দিচ্ছে না ওর শরীর। স্পিডও কমে গেছে। ও স্বার্থপর নয়, তবে যখন ১০০ শতাংশ দিতে পারছে না, তখন আমার মনে হয় না ও খেলা চালিয়ে যাবে। তাই সম্ভাবনা বেশি অবসর নেওয়ার। বুমরাহের মনের জোর কমেনি। তবে ফিটনেসে পেরে উঠছে না, যা দলকে ভোগাবে। ও ছেড়ে চলে গেলে ভারতীয় ক্রিকেট ফ্যানেদের ওকে ছাড়াই ম্যাচ দেখা অভ্যাস করতে হবে। আমি চাইবো যাতে আমি ভুল হই। কিন্তু ও যেভাবে খেলছে, তাতে আমার এটাই মনে হচ্ছে।”
