নিউজ ডেস্ক: দ্বিতীয় টেস্টের আগে চিন্তায় ভারতীয় ক্রিকেট দল। খেলবেন না দলের তারকা পেসার জাসপ্রিত বুমরাহ। এজবাস্টনে পৌঁছে ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছেন দলের ক্রিকেটাররা। কিন্তু তাতে দেখা গেল না বুমরাহকে। সেক্ষেত্রে স্পষ্ট হচ্ছে আসন্ন টেস্টে তাঁর না থাকা। এমনটা হলে বোলিং বিভাগের অবস্থা বেশ শোচনীয় থাকবে বলে মনে করছেন ক্রিকেট মহলের একাংশ।
অস্ট্রেলিয়ায় গত বর্ডার-গাভাস্কার ট্রফি থেকেই চোটে ভুগছিলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার জাসপ্রিত বুমরাহ। সেই কারণে তাঁকে খেলতে দেখা যায়নি চ্যাম্পিয়ন্স ট্রফি। যদিও তাঁকে ছাড়াই সেই ট্রফি নিজেদের ঝুলিতে তুলতে সফল হয় ভারত। আইপিএল ২০২৫এরও প্রথম কয়েকটি ম্যাচ তিনি খেলেননি। পরে তাঁকে খেলানো হয়। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি সুযোগ পান। প্রথম টেস্টে তিনি বেশ ভালো বোলিং করেন। তবে অন্যান্য বোলারদের থেকে সাপোর্ট না পাওয়ায় ম্যাচ হারে ভারত।
এবার এজব্যাস্টন টেস্ট। সেখানে ঘুরে দাঁড়াতে মরিয়া দল। ইতিমধ্যেই দলের ক্রিকেটাররা জোরদার প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। তবে নেটে দেখা যায়নি বুমরাহকে। যা দেখার পর কার্যত এটা স্পষ্ট যে তিনি এই টেস্ট খেলবেন না। এমন পরিস্থিতিতে চিন্তা বাড়ছে টিম ইন্ডিয়া শিবিরে। কাকে দেওয়া যেতে পারে সেই জায়গা? তা নিয়ে মাথা লাগানো শুরু করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। ক্রিকেটপ্রেমীরাও বেশ চিন্তায় পড়েছেন এটি জানার পর। কারণ এই মুহূর্তে দলের বোলিং স্পিয়ারহেড বলতে বুমরাহই। তিনি না থাকলে দলের কি অবস্থা হবে, তা ফেলেছে সকলকে চাপে।
