অবসর নিয়ে বড় কথা বুমরাহের, চিন্তায় ক্রিকেটপ্রেমীরা

অবসর নিয়ে বড় কথা বুমরাহের, চিন্তায় ক্রিকেটপ্রেমীরা

দেবজিৎ মুখার্জি: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামার আগে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের একপ্রকার ভয় দেখালেন দলের তারকা পেস বোলার জাস্পৃত বুমরাহ। এমন কি করলেন তিনি? নিজের অবসর প্রসঙ্গে তিনি দিলেন বড় বার্তা। মুম্বাই ইন্ডিয়ান্স তারকা জানান যে যখন তিনি বুঝতে পারবেন যে ছন্দ হারিয়ে গেছে বা শরীর সায় দিচ্ছেনা, তখন তিনি ক্রিকেটকে চিরবিদায় জানাবেন। যদিও তিনি এটাও স্পষ্ট করে দেন যে এখনো পর্যন্ত সবকিছুই ঠিকঠাক যাচ্ছে তাঁর। অর্থাৎ অবসর প্রসঙ্গে তিনি এই মুহূর্তে কিছু ভাবছেন না। 

আর মাত্র দুটো ম্যাচ। তারপরে শেষ হবে ভারতীয় ক্রিকেটের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল। এরপরই লাল-বলের ক্রিকেট খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। ইংল্যান্ডে যাবে তারা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। যদিও সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খায় দল ও তাদের সমর্থকেরা। ক্রিকেটের সবচেয়ে বড় ফরম্যাট থেকে চিরকালের জন্য সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। রোহিতের অবসর নেওয়ার কদিন পরই বিরাট রিটায়ারমেন্টের কথা জানান। স্বাভাবিকভাবেই, দুই তারকার হঠাৎ অবসর এক বড় ধাক্কা দেয় বোর্ডকে। পাশাপাশি, চিন্তায় পড়েন দেশের ক্রিকেটপ্রেমীরাও।

এমন পরিস্থিতিতে তাঁদের ভয় পাইয়ে দেন ভারতের তারকা পেসার জাস্পৃত বুমরাহ। মাইকেল ক্লার্কের এক পডকাস্টে তিনি নিজের অবসর প্রসঙ্গে বক্তব্য রাখেন। বুমরাহ স্পষ্ট জানান যে যেদিন তিনি বুঝতে পারবেন যে তিনি ছন্দহীন হয়ে পড়েছেন বা শরীরে কুলোচ্ছেনা, সেদিন তিনি অবসর নেবেন। বুমরাহ বলেন, “আমি সব খেলতে চাইবো একজন ক্রিকেটার হিসেবে। তবে একটা সময় এসে সেটা আর সম্ভব হবেনা। এই সংখ্যাটা পেতে হবে, এমন কোন লক্ষ্য নেই আমার। এই অবধি সব ঠিকঠাক যাচ্ছে। তবে যেদিন আমি বুঝবো যে আমি ছন্দ হারিয়ে ফেলেছি, চেষ্টা করে রেজাল্ট পাচ্ছিনা বা শরীর সায় দিচ্ছেনা, তখন অবসর নিয়ে ভাববো।”

বুমরাহ কথাটা সাধারণভাবে বললেও অনেকে এটি শুনে বেশ আতঙ্কিত হয়েছেন। যেহেতু গত বর্ডার-গাভাস্কার সিরিজে আঘাতের পর তিনি দলের সঙ্গে বহুদিন ছিলেন না, এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলেননি, সেই কারণে বহু ক্রিকেটপ্রেমী ভাবছেন যে তিনি এখনো চোট থেকে সেরে ওঠেননি এবং তা যদি চলতে থাকে, তাহলে দ্রুতই হয়তো বুমরাহও অবসর নিতে পারেন। সেক্ষেত্রে বড়সড় ধাক্কা খাবে দলের বোলিং বিভাগ। এবার দেখার বিষয় যে ইংল্যান্ডের মাটিতে কেমন পারফর্ম করে দেখান বুমরাহ। তিনি কি পারবেন দলকে জিততে সাহায্য করতে? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আর কিছুদিনের মধ্যে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *