দেবজিৎ মুখার্জি, কলকাতা: বুমরাহের দাপুটে বোলিংয়ের সামনে মাথানত করল দক্ষিণ আফ্রিকা। ইডেন টেস্টের প্রথম দিনে একেবারে জোর ধাক্কা খেলো প্রোটিয়ারা। একেবারে তাসের ঘরের মতো গুঁড়িয়ে গেল তাদের ব্যাটিং বিভাগ। ১৫৯ রানে শেষ হলো তাদের প্রথম ইনিংস। ব্যাট হাতে কেউই তেমন দাগ কাটতে সফল হননি। জবাবে লিড নিতে নেমে ভারত প্রথম দিনে একটি উইকেট হারিয়েছে। দিনের শেষে তাদের স্কোর ১ উইকেটে ৩৭।
দেখতে দেখতে শুরু হয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রায় ছয় বছর পর ইডেনের মাঠে খেলা হচ্ছে টেস্ট ম্যাচ। এদিন অনেকেই স্টেডিয়ামে খেলা দেখতে ভিড় জমান। বলা ভালো, সকলের উন্মাদনা ছিল একেবারে দেখার মতো। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। তবে প্রথম দিনেই অল্প রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। একেবারে আগুন বোলিং দেখা যায় ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার জাসপ্রীত বুমরাহের তরফ থেকে।
শুরুটা বেশ ভালই হয়েছিল দক্ষিণ আফ্রিকার। বড় পার্টনারশিপ গড়ছিলেন দুই ওপেনার এডেন মার্করাম ও রায়ান রিকেল্টন। ৫৭ রানে হারায় দল নিজেদের প্রথম উইকেট। পরের দুটি উইকেট যেতেও বেশি সময় লাগেনি। ৭১ রানের মধ্যে তিনটি উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। এরপর মাঝে হাল ধরার চেষ্টা করলেও তা কাজে আসেনি। ১১৪ রানের ৪ উইকেট হারানোর পর লাগাতার উইকেট পড়তে শুরু করে প্রোটিয়াদের। অবশেষে ১৫৯ রানের শেষ হয়ে যায় তাদের প্রথম ইনিংস। টিম ইন্ডিয়ার বোলারদের মধ্যে ফাইফার নেন বুমরাহ।
জবাবে লিড নিতে নেমে ভারতের শুরুটাও ভালো হয়নি। সপ্তম ওভারে ১২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান দলের তরুণ তারকা ওপেনার যশস্বী জয়েসওয়াল। ১৮ রানে প্রথম উইকেট হারায় ভারত। এরপর দিনের শেষে তাদের স্কোর দাঁড়ায় ২০ ওভারে ১ উইকেটে ৩৭। ক্রিজে অপরাজিত রয়েছেন কেএল রাহুল ১৩ রানে এবং ওয়াশিংটন সুন্দর ৬ রানে। এই পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সেই একটিমাত্র উইকেট নিয়েছেন মার্কো ইয়ান্সেন। মনে করা হচ্ছে যে বড় ব্যবধানের লিড নিতে পারে টিম ইন্ডিয়া।
