দেবজিৎ মুখার্জি: “কমপ্লিট টিম এফর্ট” পুরস্কার বিতরণী মঞ্চে দলের জয় প্রসঙ্গে এমনটাই জানালেন মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক হিটম্যান, ওরফে রোহিত শর্মা। তিনি দাবি করেন যে দলের জন্য দিনটি ভালো ছিল। পাশাপাশি, তিনি এটাও জানান যে তিনি বোঝেন এলিমিনেটরের গুরুত্ব। এরপরই নিজের ইনিংস প্রসঙ্গে বক্তব্য রাখেন প্রাক্তন এমআই অধিনায়ক। তিনি জানান যে তিনি এই জয়ে অবদান রাখতে পেরে খুশি এবং দলকে ভালো পজিশনে নিয়ে গেছেন। সবমিলিয়ে, রোহিত বেশ খুশি ট্রফির দিকে দল আরো একধাপ এগোতে পারায়।
শুক্রবার, ৩০শে মে, নিউ চন্ডিগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এলিমিনেটারে মুখোমুখি হন হার্দিক পান্ডিয়া নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স এবং শুভমান গিল নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুম্বাই। নির্ধারিত ২০ ওভারে তাঁরা শেষ করে ৫ উইকেটে ২২৮ রানে। জবাবে রান তাড়া করতে নেমে ২০ ওভার শেষে গুজরাটের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ২০৮। ২০ রানে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে মুম্বাই। অর্থাৎ এর থেকে স্পষ্ট যে বেশ হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে দুই পক্ষের মধ্যে।
তবে এদিনের ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের থেকে শুরু করে দেশের ক্রিকেটপ্রেমী, সকলেরই দৃষ্টি আকর্ষণ করেছে রোহিত শর্মার ব্যাটিং। ৫০ বলে ৮১ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন তিনি, যার মধ্যে রয়েছে ৯টি চার এবং ৪টি ছয়। অর্থাৎ মোট ৬০ রান আসে চার ও ছয় থেকেই। গুজরাটের প্রত্যেকটি বোলারকেই তিনি শুরু থেকে আক্রমণ করেন। অবশেষে তাঁকে প্যাভিলিয়নের রাস্তা দেখান, চলতি আইপিএলে গুজরাটের তারকা বোলার, প্রসিদ্ধ কৃষ্ণা। এমন ইনিংসের জন্য তাঁকেই ম্যাচের সেরা ঘোষণা করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত দলের জয় ও নিজের ইনিংস প্রসঙ্গে একাধিক বক্তব্য রাখেন। হিটম্যান বলেন, “আমি মাত্র চারটি অর্ধশতরান পেয়েছি। আরো বেশি অর্ধশতরান করতে চেয়েছিলাম। দলের কাছে দিনটি ভালো। আমি এলিমিনেটোরের গুরুত্ব বুঝি এবং এই দিয়ে যাচ্ছি ও পরবর্তী স্টেপ নিচ্ছি।” এরপরই টিম গেম বিষয়ে নিজের বক্তব্য জানান প্রাক্তন এমআই অধিনায়ক। রোহিত বলেন, “কমপ্লিট টিম এফোর্টের জন্য সত্যিই গর্বিত। যখন আমি খেলতে নামি, তখন সবকিছু আলাদা রেখে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। আমি খুশি দলকে ভালো পজিশনে আনার জন্য।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত ফের ট্রফি নিজেদের নামে করতে সফল হয় কিনা মুম্বাই। তারা কি পারবে করে দেখাতে? তা বলবে সময়।

