নিউজ ডেস্ক: জল্পনার অবসান! বুমরাহকে নিয়ে কি পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের, এবার তা এলো প্রকাশ্যে। আসন্ন টেস্ট ম্যাচে তাঁকে প্লেইং একাদশে দেখা যাবে কিনা, তা নিয়ে এবার মুখ খুললেন দলের সহকারী কোচ, তথা নেদারল্যান্ডসের প্রাক্তন তারকা ক্রিকেটার, রায়ান টেন দুশখাতে। তিনি সাংবাদিক সম্মেলনে পরিষ্কার করে দিলেন যে পিচ ও পরিস্থিতি বুঝে ঠিক করা হবে বুমরাহকে খেলানো হবে কিনা। পাশাপাশি, এটাও পরিষ্কার করে দেন যে সিরিজের বাকি ম্যাচগুলির কথা ভেবেও সিদ্ধান্ত নেওয়া হবে।
লিডস টেস্টে দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স সত্ত্বেও ইংল্যান্ডের সামনে মাথানত করতে হয় ভারতীয় ক্রিকেট দলকে। ৫ উইকেটে ম্যাচ জেতে আয়োজকরা। সৌজন্যে দ্বিতীয় ইনিংসে ওপেনারদের দুর্দান্ত ব্যাটিং এবং জো রুটের ধৈর্যশীল ইনিংস। ভারতীয় বোলাররা বিন্দুমাত্র দাগ কাটতে সফল হননি। বলা ভালো, ওপেনাররা যেভাবে স্টার্ট দিয়ে দিয়েছিলেন, তাতেই কার্যত স্পষ্ট হয়ে গেছিল স্টোকসদের জয়। শেষের দিকে একটু লড়াই দেওয়ার চেষ্টা করেন বোলাররা। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছিল।
তবে প্রথম টেস্টে ব্যাটিংয়ের প্রশংসা হলেও বল হাতে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন টিম ইন্ডিয়ার তারকা পেসার জাস্প্রিত বুমরাহ। প্রথম ইনিংসে তিনি নেন ফাইফার। বলা ভালো, ইংল্যান্ডকে লিড নেওয়া থেকে রুখে দেন তিনি। দ্বিতীয় ইনিংসেও তাঁর বোলিংয়ের সামনে রীতিমতো হাবুডুবু খেতে দেখা যায় ইংরেজ ব্যাটারদের। তাঁদের বেশ সাবধানের সঙ্গে খেলতে দেখা যায় বুমরাহের বলগুলিকে। বলা বাহুল্য, রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের ব্যাটিং বিভাগ বুমরাহের কথা মাথায় রেখেছিল এবং সেই অনুযায়ী খেলছিল।
কিন্তু দ্বিতীয় টেস্টে নামার আগে চারিদিকে এই প্রশ্ন ঘোরাফেরা করছিল যে বুমরাহকে খেলানো হবে কিনা। এজব্যস্টনে প্রথম দিন অনুশীলন না করায় অনেকেই ধরে নিয়েছিলেন যে তিনি খেলবেন না এই টেস্ট। তবে তার পরের দিন তিনি বেশ কিছুক্ষণ বল করেন নেটে এবং এর সঙ্গে যাবতীয় ধারণা পাল্টে যায়। এবার এই ব্যাপারে দলের অবস্থান স্পষ্ট করে দিলেন সহকারি কোচ রায়ান টেন দুশখাতে। সাংবাদিক সম্মেলনে তিনি অবসান করলেন সমস্ত জল্পনার।
দুশখাতে বলেন, “এই ব্যাপারে এখনো পর্যন্ত আমরা ফাইনাল ডিসিশন নিইনি। পিচ, পরিস্থিতি থেকে শুরু করে যাবতীয় কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে। শেষ মুহূর্তে যা সিদ্ধান্ত নেওয়ার আমরা নেব। এছাড়া বাকি তিনটি ম্যাচের কথাও ভাবতে হচ্ছে আমাদের। গতকাল ও আজ বুমরাহ ট্রেনিং করেছে। এমনটা নয় যে ওর ফিটনেস নেই। কিন্তু আমাদের লক্ষ্য একটাই আর সেটা হল ওর সেরাটা বার করে আনা। আমাদের তরফ থেকে মরিয়া হয়ে চেষ্টা করা হচ্ছে ওকে খেলানোর। কিন্তু তা সত্ত্বেও আমরা মনে করি যে ও ছাড়া আমাদের দলের ক্রিকেটারদের মধ্যে ক্ষমতা রয়েছে সিরিজে দলকে কামব্যাক করানোর।” এক্ষেত্রে দেখার বিষয় যে শেষ পর্যন্ত বুমরাহকে খেলানো হয় কিনা।
