নিউজ ডেস্ক: “ওকে কোন বার্তা দিতে চাই না” লর্ডস টেস্ট শেষে দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে নিয়ে এমনটাই দাবি করলেন ভারতীয় ক্রিকেট দলের নয়া টেস্ট অধিনায়ক শুভমান গিল। আপ্রাণ চেষ্টা করা সত্ত্বেও ম্যাচ জাড্ডু না জেতাতে পারায় গিল জানান যে তিনি চেয়েছিলেন জাদেজা ও অন্যান্য টেল এন্ডাররা শেষ পর্যন্ত যতটা সম্ভব ব্যাটিং করুক। এখানেই শেষ নয়, তিনি এটাও স্বীকার করেন যে প্রথম ইনিংসে ৮০ থেকে ১০০ রানের লিড পেলে ম্যাচের ফলাফল আলাদা হতো।
দেখতে দেখতে শেষ হয়ে গেল লর্ডস টেস্ট। বেশ হাড্ডাহাড্ডি ম্যাচ হয়। ২২ রানে সেটিকে নিজের ঝুলিতে তোলে ইংল্যান্ড। ১৯৩ রান তারা করতে গিয়ে ভারতীয় ক্রিকেট দলের ইনিংস শেষ হয় ১৭০ রানে। বিশেষজ্ঞরা মনে করছেন যে চতুর্থ দিন যেভাবে উইকেট হারিয়েছে ভারত, তাতেই কার্যত জয় নিশ্চিত হয়ে গিয়েছিল ইংল্যান্ডের। পঞ্চম দিন, বলা বাহুল্য, অপ্রত্যাশিত ব্যাটিং আসে ভারতের তরফ থেকে। বলা ভালো, যেটা ভাবা যায়নি, ঠিক সেটাই করে দেখায় তারা। সহজ ম্যাচ নিজেদের নামে করতে পারেনি তারা।
যদিও এই সবকিছুর মাঝেও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে রবীন্দ্র জাদেজার ব্যাটিং। একদিক থেকে উইকেট পড়তে থাকলেও তিনি ধরে খেলেছিলেন। ৬১ রানে অপরাজিতা ছিলেন তিনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুভমান গিল এই বিষয়ে নিজের বক্তব্য রাখেন। জাদেজার ব্যাটিং প্রসঙ্গে তিনি বলেন, “ও ভীষণ অভিজ্ঞ। ওকে কোন বার্তা দিতে চাই না। আমার মনে হয় ও টেল এন্ডারদের সঙ্গে বেশ ভালই ব্যাটিং করছিল আর আমি চেয়েছিলাম ও যতটা সম্ভব তাদের সঙ্গে ব্যাটিং করুক।”
অন্যদিকে, দলের ব্যাটিং প্রসঙ্গে গিল বলেন, “একটা সময় আমার মনে হচ্ছিল যে যদি আমরা ৮০ থেকে ১০০ রানের লিড পেতাম তাহলে ব্যাপারটা অন্যরকম হতো। কারণ শেষ দিনে এখানে ১৫০ থেকে ২০০ রান তাড়া করা সহজ নয়। তাই আমার মনে হচ্ছিল যে যদি ৮০ রানের লিড পেতাম, তাহলে ভাল হত। আমার মনে হয় গতকাল শেষ এক ঘন্টা আমরা আরো ভালো খেলতে পারতাম। এমন কি আজকেও ওরা যেভাবে নিজেদের পরিকল্পনা নিয়ে নেমেছিল, তাতে আমি ভাবছিলাম যে একটা ৫০ রানের পার্টনারশিপ হলে ভালো হতো। টপ অর্ডারে যদি সেটা হতো তাহলে পুরো ব্যাপারটা আমাদের কাছে সহজ হয়ে যেত।”
