দেবজিৎ মুখার্জি: ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) বড় প্রস্তাব ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি)। বলতে গেলে, সাহায্যের হাত বাড়ানো হয়েছে তাদের তরফ থেকে। কি সাহায্য? আইপিএলের বাকি পর্ব ইংল্যান্ডের মাটিতে করার প্রস্তাব দেওয়া হলো বিসিসিআইকে। যদিও ভারতের তরফ থেকে এখনো এই ব্যাপারে কোন জবাব মেলেনি। তবে মনে করা হচ্ছে, যেহেতু আইপিএল একটা বড় টুর্নামেন্ট এবং অজস্র টাকার ব্যাপার, সেক্ষেত্রে ইংল্যান্ডের মাটিতে খেলানো যেতেই পারে। এর আগে দুবাইয়ের মাটিতে হয়েছে আইপিএল। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা রীতিমতো খুশি এই খবরে। সকলেই প্রার্থনা করছেন যেন বোর্ড এই প্রস্তাবে হ্যাঁ জানায়।
উপত্যকার পহেলগাওতে ভারতীয় পর্যটকদের উপর পাক সন্ত্রাসবাদীদের হামলা ও হত্যা ক্ষুব্ধ করেছে গোটা ভারতবর্ষকে। পরিস্থিতি এই পর্যায়ে উগ্র হয়ে ওঠে যে শেষ পর্যন্ত আগ্রাসী রূপ ধারণ করে দেশের কেন্দ্র সরকার। হামলার পর হামলা চালিয়ে যাচ্ছে শত্রু দেশের উপর। ভারত সরকারের এই পাল্টা দেওয়ায় খুশি হয়েছেন দেশের আমজনতা। সকলেই দাবি করেছেন যে একেবারে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের তরফ থেকে। বিস্তারিতভাবে বলতে গেলে, এই মুহূর্তে পুরোপুরি অ্যাকশন মোডে দেশের সেনাবাহিনী। একেবারে ব্যাকফুটে ফেলে দিয়েছে পাকিস্তানকে।
তবে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়া প্রভাব ফেলেছে ক্রিকেটে। বন্ধ হয়ে গেছে চলতি আইপিএল। পাঞ্জাব ও দিল্লির ম্যাচ চলাকালীন হঠাৎ নিভে যায় আলো। এরপর নির্দেশ আসে সকল দর্শককে স্টেডিয়াম ছাড়ার এবং সেই অনুযায়ী দায়িত্ব পালন করেন নিরাপত্তাকর্মীরা। ঘটনার নিন্দা জানাতে স্টেডিয়ামের বাইরে দর্শকেরা পাকিস্তান বিরোধী স্লোগানের পাশাপাশি ‘ভারত মাতা কি জয়’ স্লোগানও তোলেন। পরিস্থিতি ঠিক নয় বুঝতে পেরে অবশেষে এই টুর্নামেন্ট একসপ্তাহের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এটাও স্পষ্ট করে দেওয়া হয় যে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এমন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তাদের এক সূত্র মারফত জানা গিয়েছে যে তারা এই টুর্নামেন্ট নিজেদের দেশে করাতে রাজি আছে। সেই ঘনিষ্ঠ সূত্রের বক্তব্য, “যদি বিসিসিআই আইপিএল সেপ্টেম্বরে করতে চায়, তাহলে ইসিবি এই লিগ ইংল্যান্ডে করাতে রাজি।” এই খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই খুশি হন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। সকলেই মনেপ্রানে চাইছেন যেন এটি সত্যি হয়। অনেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে এটাও দাবি করেছেন যে এটি যদি বিদেশের মাটিতে হয় তাহলে কোটি টাকার লোকসান হওয়া থেকে বাঁচবে বোর্ড। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেওয়া হয় বোর্ডের তরফ থেকে।
