নিউজ ডেস্ক: এই মুহূর্তে দেশের ক্রিকেটমহলে চর্চার অন্যতম বিষয় হয়ে উঠেছেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে লাগাতার ব্যর্থতার পর তাঁর নীতি ও প্লেয়িং স্ট্রাটেজি নিয়ে উঠছে প্রশ্ন। শুধু তাই নয়, লাগাতার কটাক্ষের শিকারও হতে হচ্ছে তাঁকে। এমন পরিস্থিতিতে এবার এই বিষয়ে নিজের অবস্থান তুলে ধরলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা এবিডি, অর্থাৎ এবি ডিভিলিয়ার্স। যেমন নিজের মতামত পেশ করেন, তেমনি তিনি প্রশংসা করেন প্রোটিয়া বাহিনীর অধিনায়ক টেম্বা বাভুমার। এর মধ্যে আবার প্রসঙ্গ টেনে আনেন এমএস ধোনিরও।
কী বক্তব্য প্রাক্তন প্রোটিয়া তারকার? এবিডি বলেন, “আমার জানা নেই নেতা হিসেবে গৌতম গম্ভীর কেমন। আমি ওকে জানি একজন আবেগপ্রবণ ক্রিকেটার হিসেবে। যদি একই হয় বিষয়টা ড্রেসিংরুমের ক্ষেত্রে, তাহলে আমি বলব যে ভালো নয় সাধারণত একজন আবেগপ্রবণ কোচ থাকা।” অর্থাৎ ডিভিলিয়ার্স বুঝিয়ে দিলেন যে গম্ভীর যদি ড্রেসিংরুমে অতিরিক্ত নিজের আবেগের বহিঃপ্রকাশ করতে থাকেন, তাহলে তা চিন্তার কারণ হয়ে উঠতে পারে গোটা দলের জন্য।
এরপরই ডিভিলিয়ার্স প্রসঙ্গ টেনে আনেন দক্ষিণ আফ্রিকার বর্তমান অধিনায়ক টেম্বা বাভুমার। তাঁর প্রশংসা করার পাশাপাশি তিনি তাঁর তুলনা করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক ক্যাপ্টেন কুল, অর্থাৎ মহেন্দ্র সিং ধোনির সঙ্গে। এবিডি বলেন, “একইরকম ছিল এমএস ধোনিও। খুব কমই তার গলা শুনতে পেতাম আমি। খুব বেশি কথা বলতো না ধোনি। তবে সকলে শুনতো যখন বলতো। আমার মনে হয় টেম্বাও তেমন। সম্মান জিতেছে নিজের মাথা ঠান্ডা রেখে, যার রীতিমতো অবিশ্বাস্য।”
পাশাপাশি, বর্তমান সময়ে স্পিন নিয়ে যেই সমস্যায় পড়ছে ভারতীয় ক্রিকেট দল, সেই নিয়েও নিজের মতামত প্রকাশ করেন প্রাক্তন প্রোটিয়া তারকা। এবিডি বলেন, “সমস্যাটা টেকনিক্যাল আমি মনে করি না। সর্বদাই স্পিনের বিরুদ্ধে বেস্ট টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা।” এমন পরিস্থিতিতে কি করা উচিত, সেই ব্যাপারে ডিভিলিয়ার্স বলেন, “খুব একটা পরিবর্তনের দরকার নেই এমন পরিস্থিতিতে। বহু নির্ভর করে মাথা ঠান্ডা রাখা ও আত্মবিশ্বাস বজায় রাখার উপর। সমস্যাটা মানসিক দৃষ্টিভঙ্গির বলে আমার মনে হয়।”
