দুদিনে শেষ অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট, বড় জয় অজিদের

দুদিনে শেষ অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট, বড় জয় অজিদের

নিউজ ডেস্ক: নাটকীয়ভাবে শেষ হলো অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ জয় দিয়ে শুরু করল অস্ট্রেলিয়া। ৫ দিনের খেলা শেষ হলো দুদিনে, যা এর আগে অনেক কম ঘটেছে। প্রথম ইনিংসে ২০০ রানের নিচে অলআউট হয়ে যাওয়ার পর যেভাবে ইংল্যান্ড কামব্যাক করেছিল, তাতে মনে করা হচ্ছিল যে দ্বিতীয় ইনিংসে কিছু বড়সড় করে দেখাবে তারা। কিন্তু তা একেবারেই হয়নি। দ্বিতীয় ইনিংসেও ২০০ রানের নিচে অলআউট হয়ে যায় তারা। পরে ব্যাট করতে নেমে সহজে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলে নেয় অস্ট্রেলিয়া এবং সিরিজে এগিয়ে যায় ১-০ ফলাফলে। 

শুক্রবার, ২১ নভেম্বর, পার্থের পার্থ স্টেডিয়ামে শুরু হয়েছিল অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তবে অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে যায় ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার। ১৭২ রানের অলআউট হয়ে যায় তারা। স্টার্ক একাই নিজের ঝুলিতে তোলেন ৭টি উইকেট। ইংল্যান্ডের ব্যাটারদের মধ্যে কেউ তেমন দাগ কাটতে পারেননি হ্যারি ব্রুক ছাড়া। তাঁর ব্যক্তিগত সংগ্রহ ৫২। এছাড়া ৪৬ ও ৩৩ রানের ইনিংস আসে ওলি পোপ ও জ্যামি স্মিথের ব্যাট থেকে।

জবাবে লিড নিতে নেমে অস্ট্রেলিয়াও প্রথম দিনের শেষে ৯ উইকেট হারিয়ে ফেলে। তাদের ব্যাটিং বিভাগকেও মাথানত করতে দেখা যায় ইংল্যান্ডের বোলিং আক্রমণের সামনে। শনিবার সকালে ব্যাট করতে নেমে বেশিক্ষণ মাটি আঁকড়ে পড়ে থাকতে পারেনি তারা। ১৩২ রানের সবকটি উইকেট পড়ে যায় তাদের। অর্থাৎ ৪০ রানে এগিয়ে থাকে ইংল্যান্ড। 

তবে সেই মোমেন্টাম কাজে লাগাতে সফল হয়নি অতিথিরা। দ্বিতীয়বার ব্যাট করতে নেমে প্রথমবারের চেয়েও কম রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। এবার তাদের সবকটি উইকেট পড়ে যায় ১৬৪ রানে। ২০৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ২০ ওভারের ক্রিকেটের ধাঁচে খেলে ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। এক দুর্দান্ত শতরান আসে ট্রাভিস হেডের ব্যাট থেকে। ম্যাচের সেরা ঘোষণা করা হয় মিচেল স্টার্ককে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *