দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাত পোহালেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেনসে নামবে ভারতীয় ক্রিকেট দল। প্রায় ছয় বছর পর সেখানে হতে চলেছে টেস্ট ম্যাচ। তাই দুই দেশের ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা একেবারে তুঙ্গে পৌঁছে গিয়েছে এই সিরিজ নিয়ে। পাশাপাশি, দুই দলই রয়েছে বেশ ছন্দে। তবে এমন পরিস্থিতিতে শুভমান গিলদের ভোগাতে পারে স্পিন। কারণ সাম্প্রতিককালে ঘূর্ণিতে বেশ হাবুডুবু খেতে দেখা গিয়েছে দলের ব্যাটিং বিভাগকে। বিশেষ করে খোদ অধিনায়ক শুভমান গিলকেই। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার গিলের পুরো নেট প্র্যাকটিসের উপর নজর রাখলেন দলের হেড কোচ গৌতম গম্ভীর। শুধু তাই নয়, প্রয়োজনের শুধরেও দিচ্ছিলেন গিলকে।
শুক্রবার, ১৪ নভেম্বর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচে টেস্ট সিরিজ খেলতে নামবে ভারত। প্রথম ম্যাচটি হবে ইডেন গার্ডেন্সে। তবে প্রোটিয়াদের চাপে ফেলতে প্রথম দিন থেকেই বল ঘুরবে, কিউরেটরের কাছে এমনটাই আবেদন করা হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের তরফ থেকে। কিন্তু এক্ষেত্রে প্রশ্ন উঠছে যে নিজেদের ফাঁদেই নিজেরা পড়ে যাবে না তো ভারত। কারণ একদিকে যেমন তাদের দলে একঝাঁক ভালো স্পিনার রয়েছেন, তেমনি দক্ষিণ আফ্রিকা দলেও বেশ কয়েকজন ভালো স্পিনার রয়েছেন, যাঁদের ক্ষমতা রয়েছে ‘মেন ইন ব্লু’কে চাপে ফেলার। তার ওপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার পাশাপাশি সদ্য পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ ড্র করে তাদের আত্মবিশ্বাস তুঙ্গে এবং সাম্প্রতিক অতীতে স্পিন বেশ ভালোরকমই ভুগিয়েছে গোটা দলকে। সুতরাং এক কথায় বলতে গেলে, তারাও যেকোনও সময় বিপাকে ফেলতে পারে গিলদের।
যেহেতু স্পিন বর্তমানে মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে শুভমান গিলের, তাই তার উপরই বিশেষ গুরুত্ব দেওয়া হল। বৃহস্পতিবার যখন নেটে অনুশীলন করছিলেন শুভমান গিল, তখন পাশে দাঁড়িয়েছিলেন গৌতম গম্ভীর। জিটি অধিনায়কের প্রতিটা শটের উপর নজর রাখছিলেন। জানা গিয়েছে, স্পিনারদের বল খেলছিলেন গিল। পরে আলাদা করে রাখা হয় অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা ও অন্য একজন নেট বোলারকে। কিভাবে বলগুলির মোকাবিলা করছিলেন, তার উপর নজর দিচ্ছিলেন গম্ভীর। যখনই খামতি নজরে আসছে, তখনই গিয়ে তা শুধরে দিচ্ছেন গৌতি। এমনকি ঠিক করে দিচ্ছিলেন গিলের ফুটওয়ার্ক পর্যন্ত। গোটা ৪৫ মিনিট ধরে এমনটা চলে।

