নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বিশ্রী পরাজয়ের পর ইংল্যান্ডের মাটিতেও শুরুটা ভালো হলো না টিম ইন্ডিয়ার। প্রথম ম্যাচেই জয় পায় ইংল্যান্ড। পাঁচ উইকেটে ম্যাচ নিজেদের পকেটে তোলে তারা। রান তাড়া করতে নেবে আয়োজকদের ব্যাটিং বিভাগের খেলা ছিল দেখার মতো। বলা ভালো, রীতিমতো প্লানিং করেই ব্যাট করতে নেমেছিলেন তাঁরা। যেভাবে ওপেনাররা স্টার্ট দিয়েছিলেন, সেখানেই দলের জয় কার্যত নিশ্চিত হয়ে গেছিল। পরে রুট ও স্মিথ মিলে দলকে ফিনিশ লাইন পার করান।
এই পরাজয়ের পরই সমালোচনার মুখে পড়তে হয় গোটা দলকে। প্রশ্ন ওঠে শুভমান গিলের ক্যাপ্টেন্সি নিয়ে। তবে তার চেয়েও বেশি প্রশ্ন ওঠে দলের হেড কোচ গৌতম গম্ভীরের প্রশিক্ষণ নিয়ে। তিনি দায়িত্বে আসার পর থেকেই অবনতি দেখা গিয়েছে টেস্ট ফরম্যাটে দলের পারফরমেন্সে। তাঁর কোচিংয়ে ভারতীয় ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে অবস্থা শোচনীয়। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে পরাজয়ের পর ইংল্যান্ডের বিরুদ্ধেও শুরুটা হল না ভালো, যা বেশ চিন্তায় ফেলেছে ক্রিকেটপ্রেমীদের।
তবে এবার এই প্রসঙ্গে এক বোর্ড কর্তা স্পষ্ট জানিয়ে দিলেন যে ইংল্যান্ড সিরিজের ফলাফল যাই হোক না কেন, কোচ থাকবেন গম্ভীরই। এখানেই শেষ নয়, তিনি এটাও দাবি করেন যে এক তরুণ দলকে নিয়ে দুর্দান্ত কাজ করছেন প্রাক্তন ভারতীয় তারকা। পাশাপাশি, এটাও স্পষ্ট করে দেন যে এই মুহূর্তে গম্ভীরকে নিয়ে কোন সিদ্ধান্তে আসতে ইচ্ছুক নয় বোর্ড।
সেই বোর্ড কর্তা এক সাক্ষাৎকার দেন ইনসাইড স্পোর্টসকে। সেখানে তিনি বলেন, “বর্তমানে গম্ভীর কাজ করছে এক তরুণ দলকে নিয়ে এবং ভালই কাজ করছে। পাশাপাশি এটা ট্রানজিশন পিরিয়ড। সব ফল ইচ্ছামত পাওয়া যায় না। সকল ক্রিকেট দলের সঙ্গেই এমনটা হয়েছে। তাই আমরা মনে করি যে এখনই গম্ভীরকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসা ঠিক হবে না। তাছাড়া এখনো চারটি ম্যাচ রয়েছে আমাদের হাতে। আমরা আশা করছি যে দল ঘুরে দাঁড়াবে। তারপরেও বলা যেতে পারে গম্ভীরের উপর বোর্ডের আস্থা রয়েছে।” এবার দেখার বিষয় যে সিরিজে কামব্যাক করতে সফল হয় কিনা টিম ইন্ডিয়া।
