নিউজ ডেস্ক: সমালোচকদের যোগ্য জবাব দিয়ে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করলেন তিনি। এবারও তাঁর ব্যাট থেকে দেখা গেল কিছু অসাধারণ স্ট্রোক। বলা ভালো, ইংল্যান্ডের মাটিতে তিনি রীতিমতো দাপট দেখিয়ে চলেছেন। আবার এটাও বলা যায় যে রীতিমত ডমিনেট করছেন ইংল্যান্ডের বোলিং বিভাগকে। একেবারে অপেশাদার দেখাচ্ছিলো আয়োজক দেশের বোলারদের।
ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে প্রশ্ন উঠেছিল শুভমান গিলকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া নিয়ে। অনেকে সেনা দেশগুলিতে তাঁর ব্যাটিং অ্যাভারেজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বহু ক্রিকেটপ্রেমী থেকে প্রাক্তন তারকা দাবি করেছিলেন যে গিলকে অধিনায়ক করা ঠিক হয়নি। আবার অনেকে এটাও দাবি করেছিলেন যে ইংল্যান্ডের মাটিতে বেশ হাবুডুবু খাবেন গিল। এক কথায় বলতে গেলে, গিলকে তেমন কেউ গুরুত্বই দেননি।
কিন্তু অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর থেকে গিলের খেলার ধরণ পুরোপুরি পাল্টে গিয়েছে। এই সিরিজে ইতিমধ্যেই তিনি তিনটি সেঞ্চুরি করে ফেলেছেন। চলতি বার্মিংহাম টেস্টে দুটি ইনিংসেই তিনি শতরান করেন। প্রথম ইনিংসে ২৬৯ রান করার পর দ্বিতীয় ইনিংসে তিনি করলেন ১৬১। বল খেলেছেন ১৬২। এর মধ্যে রয়েছে ১৩টি চার এবং ৮টি ছয়। এই ইনিংস দেখে মুগ্ধ হয়েছেন প্রাক্তন ক্রিকেট তারকা থেকে শুরু করে দেশের ক্রিকেটপ্রেমী সকলেই। বলা ভালো, যারা সিরিজ শুরুর আগে গিলকে গুরুত্বই দিচ্ছিলেন না, তাঁরাই এখন তাঁর প্রশংসায় পঞ্চমুখ। এবার দেখার বিষয় ম্যাচ ভারত জেতে কিনা। গিল নিজের ফর্ম ধরে রাখতে পারেন কিনা, সেটাও এখন দেখার।

