নিউজ ডেস্ক: আর কিছুক্ষণ পরই ওভালের প্রতিটি গ্যালারিতে দেখা যাবে ভিড়। টিভির পর্দায় জমে যাবে চোখ ক্রিকেটপ্রেমীদের। আর মাত্র কয়েকটা ঘণ্টা। তারপরই একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে ভারত ও ইংল্যান্ড সিরিজের অন্তিম এবং শেষ টেস্ট। শেষ মুহূর্তেও দুই দলের ক্রিকেটাররা নেটে জোরকদমে প্র্যাকটিস চালাচ্ছেন। বলা ভালো, ময়দানে নিজেদের সেরাটা দিতে নিজেদের খেলা ত্রুটিহীন করার দিকে মন দিয়েছেন সকলে।
তবে যেটার আশঙ্কা ছিল শেষ পর্যন্ত সেটাই হল। সিরিজের একটি ম্যাচেও খেলার সুযোগ পেলেন না ভারতীয় ক্রিকেট দলের তারকা স্পিনার কুলদীপ যাদব। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলন করে এমনটারই ইঙ্গিত দিলেন দলের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল। তিনি দাবি করলেন যে স্পিন বিভাগ নিয়ে তাঁকে ভাবতে হচ্ছে না কারণ দলে রয়েছেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর, যাঁরা বল হাতে যেমন উইকেট নিচ্ছেন, তেমনি ব্যাট হাতেও রান করছেন।
শুভমান গিল বলেন, “স্পিনার কিন্তু পুরোপুরি খেলাচ্ছে না ইংল্যান্ড। ওদের স্পিন বিভাগ দেখবে জেকব বেথেল এবং জো রুট। আমাদের দলেও রয়েছে ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা। দুজনেই ভালো পারফর্ম করছে ব্যাটে ও বলে। তাই ওই ব্যাপারটা নিয়ে আমাদের ভাবতেই হচ্ছে না।” অধিনায়কের এমন মন্তব্য এটারই ইঙ্গিত দিচ্ছে যে কুলদীপকে খেলানোর কথা ভাবছে না দল। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়।

