দেবজিৎ মুখার্জি: বড় ব্যবধানে পরাজিত হওয়ার পর অদ্ভুত যুক্তি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক জিতেশ শর্মার। হেরে যাওয়া নাকি ভালো, এমনটাই দাবি করলেন তিনি। আরসিবি অধিনায়কের মতে, এই ম্যাচে পরাজয় তাদের সাহায্য করবে আগামী ম্যাচগুলিতে ঘুরে দাঁড়াতে। জিতেশের এমন মন্তব্য চমকে দিয়েছে গোটা ক্রিকেটমহলকে। সকলেই প্রশ্ন করছেন যে ঠিক কিভাবে এই হার দলকে সাহায্য করবে পরবর্তী এনকাউন্টারগুলিতে। বিভিন্ন সমাজমাধ্যমে এই মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে হাজার প্রশ্ন।
চলতি আইপিএলে ‘প্লে-অফ’এর টিকিট পাকা করে নিয়েছে রজত পতিদার নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলেরই সাফল্যে বেশ খুশি সমর্থক থেকে শুরু করে বিরাট কোহলির ভক্তরা। অনেকে এমনটাও দাবি করছেন যে এবার তাদের কাছে একটা বড় সুযোগ আছে নিজেতে প্রথম আইপিএল খেতাব জেতার। পাশাপাশি, দলের ক্রিকেটাররাও প্রতিটি ম্যাচ মরিয়া হয়ে খেলছেন। তাদের এই মুহূর্তে এখন একটাই লক্ষ্য এবং সেটা হলো প্রতিটি ম্যাচ জয়ের পাশাপাশি এই সম্মানজনক ট্রফি নিজেদের নামে করা।
কিন্তু এই পথে গতকাল তারা একটি ধাক্কা খায় সানরাইজার্স হায়দ্রাবাদের হাতে পরাজয়ের রূপে। হেড-অভিষেকদের স্কোরবোর্ডে বড় টার্গেট দেওয়া সত্ত্বেও প্রথমে বেশ স্বাচ্ছন্দভাবেই ব্যাটিং করছিলেন বিরাটরা। তবে সল্ট প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর কমে যায় রান করার গতি। বিশেষ করে পতিদার আউট হওয়ার পরই পাল্টে যায় চিত্র। একটা সময় প্রায় সকলেই ধরে নিয়েছিলেন যে সহজেই ম্যাচ জিতবে বেঙ্গালুরু। কিন্তু তা হলোনা। এক বল বাকি থাকতে ১৮৯ রানে অলআউট হয়ে যায় দল। শেষের ওভারগুলিতে দ্রুত উইকেট হারায় তারা, যা হায়দ্রাবাদকে সাহায্য করে ম্যাচে ঘুরে দাঁড়াতে এবং সেটিকে তারা কাজেও লাগাতে সফল হয়।
তবে এদিনের ম্যাচে আরসিবিকে নেতৃত্ব দেন জিতেশ শর্মা। ম্যাচ শেষ হওয়ার পর এই পরাজয় প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি দেন এক অদ্ভুত যুক্তি। জিতেশ বলেন, “আমি মনে করি এই ম্যাচটা হেরে ভালোই হয়েছে আমাদের। পজিটিভ বিষয় এটাই যে আমরা ভালো ব্যাটিং করছি। এই পরাজয়ের পর আমি মনে করি যে এই সেটব্যাকটি আমাদের দরকার ছিল। আমরা ভালোভাবেই ঘুরে দাঁড়াবো পরবর্তী ম্যাচগুলিতে।”
বেঙ্গালুরু অধিনায়কের নিজের যুক্তি থাকলেও অনেকে এটিকে ভালোভাবে নেননি। বহু ক্রিকেটপ্রেমী সমাজমাধ্যমে এই ভিডিওটি শেয়ার করে প্রশ্ন তুলেছেন যে কি করে এমন পরাজয়কে ভালো চিহ্ন হিসেবে দেখছেন জিতেশ। অনেকে এটাও মনে করছেন যে জিতেশের এখনো সেই পরিণত বুদ্ধি হয়নি নাহলে এমন কথা বলতে পারতেন না। বলতে গেলে, এমন মন্তব্যকে শুধু আরসিবি সমর্থকরা নন, অন্যান্য ক্রিকেটপ্রেমীরাও ভালোভাবে নেননি। এবার দেখার বিষয় যে আগামী ম্যাচগুলি জিতে সকলের মন ফের জিতে নিতে পারেন কিনা জিতেশ।

