“ওকে সুযোগ দেওয়া উচিত ছিল” শ্রেয়াসের হয়ে ব্যাট ধরলেন মহারাজ

“ওকে সুযোগ দেওয়া উচিত ছিল” শ্রেয়াসের হয়ে ব্যাট ধরলেন মহারাজ

দেবজিৎ মুখার্জি: শ্রেয়াস আইয়ারের হয়ে ব্যাট ধরলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের মতে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে জায়গা দেওয়া উচিত ছিল তাঁকে। প্রাক্তন বিসিসিআই সভাপতি দাবি করেন যে বর্তমানে চাপের সময় মাথা ঠান্ডা রেখে খেলেন শ্রেয়াস এবং তিনি ওকে দলে রাখতেন দেখার জন্য যে টেস্টে কেমন খেলা দেখাতে পারেন।

আর কদিন পর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। গত দুটি টেস্ট সিরিজের ব্যর্থতা ভুলে নিজেদের সবরকমভাবে প্রস্তুত করছেন দলের ক্রিকেটাররা। এবারও যাতে আর লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি না হতে হয়, তাই ঘন্টার পর ঘন্টা অনুশীলন করছেন ব্যাটিং থেকে বোলিং বিভাগ, সকলেই। বলা ভালো, এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ দলের সমস্ত ক্রিকেটারের কাছে। তাই কেউ কোথাও কোনো খামতি রাখতে চাইছেন না।

তবে সিরিজের আগে নির্বাচকদের একটি সিদ্ধান্তে খুশি হননি ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি মনে করেন বর্তমানে যে ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন শ্রেয়াস আইয়ার, তাতে তাঁকে দলে জায়গা দেওয়া উচিত ছিল। তিনি জানান অতীতের আর এখনকার আইয়ারের মধ্যে পার্থক্য। পাশাপাশি, মহারাজ এটাও তুলে ধরেন কিভাবে একজন পরিণত ক্রিকেটার হয়ে উঠেছেন শ্রেয়াস। বলা বাহুল্য, প্রাক্তন নাইট অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ। 

তিনি বলেন, “গত এক বছর ধরে নিজের সেরা ফর্মে রয়েছে শ্রেয়াস আইয়ার। ওকে রাখা উচিত ছিল টেস্ট দলে। দায়িত্ব নিয়ে খেলছে ও আর এখন শর্ট বলও ভালো খেলে। ওকে যখন বাদ দেওয়া হয়েছিল, সেই শ্রেয়াস আর এখনকার শ্রেয়াসের মধ্যে পার্থক্য রয়েছে। চাপে মাথা ঠান্ডা রেখে খেলছে। হ্যাঁ এটা ঠিক যে টেস্ট ক্রিকেট আলাদা। তবে আমি ওকে দলে রাখতাম এটা দেখার জন্য যে ও কি করে।”

উল্লেখ্য, শেষবার শ্রেয়াস আইয়ারকে টেস্ট জার্সিতে দেখা গিয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। যদিও এই ফরম্যাটে এখনো পর্যন্ত ব্যাট হাতে তুমি তেমন কিছু করে দেখাতে সফল হননি। তবে ক্রিকেটপ্রেমীরা আশা করছেন যে বর্তমানে তিনি যেই ফর্মে রয়েছেন, তাতে সুযোগ দেওয়া হলে ভালো পারফর্ম করতেন। এবার দেখার বিষয় যে ভবিষ্যতে নির্বাচকরা প্রাক্তন নাইট অধিনায়ককে লাল বল ক্রিকেটে সুযোগ দেন কিনা। কি হয় এবার সেটাই দেখার।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *