দেবজিৎ মুখার্জি: ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করার ফলে প্রায় বছর তিন আগে জাতীয় দলে ডাক পেয়েছিলেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ। স্কোয়াডে তাঁকে রাখা হলেও এখনো পর্যন্ত প্লেইং একাদশে নেওয়া হয়নি তাঁকে, যা দেখে ক্ষোভ উগরে দিয়েছিলেন সিনিয়র ঈশ্বরণ। যদিও ক্রিকেট মহল থেকেও এই প্রশ্ন উঠছিল যে ঠিক কি কারণে এতদিনেও অভিষেক ঘটেনি অভিমন্যুর।
এবার অভিমুন্য ঈশ্বরণকে ঘিরে যাবতীয় সব প্রশ্নের উত্তর দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কি বললেন তিনি? মহারাজের মতে যেহেতু অভিমন্যুর বয়স রয়েছে, তাই তিনি সুযোগ পেতেই পারেন। এখানেই শেষ নয়, দাদা আরো মনে করেন যে যেহেতু দলের তিন নম্বর জায়গাটি একটু দুর্বল, তাই সেখানে সুযোগ পেতে পারেন তিনি।
সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “অভিমন্যুর বয়স রয়েছে এখনো। ও সুযোগ পেতেই পারে আমি মনে করি। ব্যাপারটা হচ্ছে যশস্বী, রাহুল, শুভমান গিল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, এরা সকলেই রান পেয়েছে। আমার মতে তিন নম্বর জায়গাটা একটু দুর্বল। ওকে ওই জায়গাতে খেলিয়ে দেখা যেতেই পারে।” এবার দেখার বিষয় যে পরবর্তী টেস্টে সিরিজগুলিতে সুযোগ পান কিনা অভিমন্যু।
