দেবজিৎ মুখার্জি: রবিবার ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেট দলের এক সময়ের নক্ষত্র চেতেশ্বর পুজারা। ব্যাট হাতে একটা সময়ে তিনি রীতিমতো কাঁপিয়ে গেছেন মাঠে। বহু কঠিন পরিস্থিতি থেকে তিনি ভারতকে ম্যাচ জিতিয়েছেন। আবার অনেক সময়ে হারা জায়গা থেকে ম্যাচ বাঁচিয়েছেন নিজের দেশের হয়ে। এক কথায় বলতে গেলে, তিনি বেশ কয়েক বছর ধরে ভারতীয় ক্রিকেট দলের একটি স্তম্ভ ছিলেন পাঁচ দিনের খেলায়।
পুজারার বিদায় নিয়ে অনেকেই অনেকরকম পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে। আগামী দিনের জন্য শুভেচ্ছা জানানো হয়েছে ক্রিকেটপ্রেমীদের তরফ থেকে। অনেকে মনে করছেন যে আরো কিছুদিন খেলা উচিত ছিল পুজারার। আবার অনেকে এটাও মনে করছেন যে একদম ঠিক সময়ে তিনি পাঁচ দিনের ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন। বলা ভালো, রবিবার তিনি আলোচনার বিষয় ছিলেন ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
পুজারার রিটায়ারমেন্ট নিয়ে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে বহু প্রাক্তন তারকা পোস্ট করেছেন। তবে তার মধ্যে সকলের দৃষ্টি বেশি আকর্ষণ করেছে ক্রিকেটের ভগবান শচীন তেন্ডুলকরের পোস্ট। কি লিখেছেন তিনি? নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি লেখেন, “পুজারা ভরসা ছিলে তিন নম্বরে। স্বস্তি পেতাম তোমাকে দেখে। দলের স্তম্ভ ছিল তোমার শক্ত টেকনিক, ধৈর্য এবং স্থিরতা চাপের মধ্যে। বিশেষভাবে মনে রাখার কৃতিত্ব অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১৮ সালের সিরিজ জয়। অবিস্মরণীয় কীর্তি। সম্ভব ছিল না তোমার দৃঢ়তা ছাড়া। অনেক অভিনন্দন তোমার অসাধারণ কেরিয়ারের জন্য। শুভকামনা জীবনের নতুন অধ্যায়ে। উপভোগ করো দ্বিতীয় ইনিংস।”
