দেবজিৎ মুখার্জি: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে টিম ইন্ডিয়ার টেস্ট দলের সদ্য নির্বাচিত অধিনায়ক শুভমান গিল প্রসঙ্গে বক্তব্য রাখেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কি বললেন তিনি? মহারাজের মতে গিলের বয়স এখন অনেক কম এবং এখনো অনেক শিখবেন জিটি অধিনায়ক। এখানেই শেষ নয়, মহারাজ এটাও দাবি করেন যে যদি গিল সিরিজ জিতিয়ে দেখান, তাহলে উনি নায়কের সম্মান পাবেন। বলতে গেলে, আসন্ন সিরিজের আগে গিলকে ব্যাক করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।
আর ঠিক এক সপ্তাহ। তারপরই শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ইতিমধ্যেই এই সিরিজকে ঘিরে উন্মাদ হয়ে গেছেন ক্রিকেটপ্রেমীরা। সকলেই ২০ তারিখের অপেক্ষা করছেন। রোহিত শর্মা ও বিরাট কোহলি ছাড়া দল কেমন পারফর্ম করেন, তা নিয়ে বেশ আগ্রহ ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। অনেকে মনে করছেন যে দুজন না থাকলেও ম্যাচ জিতবে ভারত। আবার অনেকের মতে সমস্যায় পড়তে পারে শুভমান গিল নেতৃত্বাধীন তরুণ ব্রিগেড। বলতে গেলে, এই সিরিজ প্রসঙ্গে এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে ‘মিক্সড রিঅ্যাকশন’। কেউ মনে করছেন কাজটা সহজ হবে দলের কাছে। আবার অনেকের দাবি, বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে দলকে।
তবে প্রাক্তন ক্রিকেট তারকা থেকে শুরু করে ক্রিকেটপ্রেমীরা, সকলেই মনে করছেন যে সবচেয়ে বেশি নজর থাকবে শুভমান গিলের উপরই। যেহেতু রোহিত শর্মা ও বিরাট কোহলি অবসর নিয়েছেন, তাই তাঁদের আর সাদা জার্সিতে খেলতে দেখা যাবে না এবং সেক্ষেত্রে গিলই সঠিক ব্যক্তি যাঁকে বড় দায়িত্ব দেওয়া যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটি গিলের প্রথম সিরিজ অধিনায়ক হিসেবে। সুতরাং একটি বড় সুযোগও নিজের যোগ্যতা প্রমাণ করার। শুধু জয় নয়, তাঁর উপর রয়েছে আরও একটি বড় দায়িত্ব। গত দুটি টেস্ট সিরিজে একেবারে বিশ্রী পারফর্ম করেছিল ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজ যদি তারা জিততে পারে, তাহলে আবার তারা উপরের দিকে উঠে আসতে পারবে। তাই দলকে আবার আগের মতো শীর্ষস্থানে পৌঁছানোর চাপটাও রয়েছে তাঁর উপর।
এবার গিল প্রসঙ্গে নিজের মতামত জানালেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “ওর বয়স এখন অনেক কম। অনেক শিখবে গিল। ভেবে দেখুন ও যদি সিরিজ জিততে পারে, তাহলে সম্মান পাবেন নায়কের। এই ধরনের সুযোগের অপেক্ষায় থাকেন সব ক্রিকেটারই। তবে ওকে আরও উন্নতি করতে হবে ব্যাটার হিসেবে।” পাশাপাশি, দলের ভালো ফল নিয়েও আশাবাদী মহারাজ। তিনি বলেন, “ইংল্যান্ড শক্তিশালী হলেও যদি আমাদের ব্যাটাররা ভালো খেলে, তাহলে আমাদেরও সিরিজ জেতার সম্ভাবনা রয়েছে।” এবার দেখার বিষয় যে বড় পরীক্ষায় পাশ করতে পারেন কিনা গিল। কি হবে শেষ পর্যন্ত? তা বলবে সময়।
