দেবজিৎ মুখার্জি: নাটকীয়ভাবে শেষ হয় ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। অন্তিম ম্যাচে পরাজয়ের দোরগোড়া থেকে ম্যাচ নিজেদের নামে করে ভারত। তবে এই সিরিজে দলকে চিন্তায় ফেলে দিয়েছিলেন তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থ। চতুর্থ টেস্টে ভাঙ্গা পায়ে ব্যাট করেন তিনি। শুধু ব্যাট করেননি, খেলেছেন অর্ধশতরানের ইনিংসও। এক কথায় বলতে গেলে, একটি গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছিলেন।
তবে এবার ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে যে কবে ২২ গজে ফিরবেন পান্থ। সকলেই মিস করছেন তাঁর পাওয়ার হিটিং ক্রিকেট। তিনি ব্যাট হাতে নামলেই ক্রিকেটপ্রেমীরা ধরে নেন যে এবার ঝড়ের গতিতে রান উঠবে দলের। সকলেই নিশ্চিত থাকেন যে স্কোরবোর্ড দৌড়াবে। বলা ভালো, সকলেই এখন অপেক্ষায় রয়েছেন তাঁর মাঠে নামার।
এই পরিস্থিতিতে পান্থ নিজেই জানালেন তাঁর বর্তমান অবস্থা। যদিও তিনি মাঝেমধ্যেই জানান তিনি কেমন রয়েছেন। ইনস্টাগ্রামে পান্থ নিজের একটি ছবি দিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে যে এখনো ব্যান্ডেজ রয়েছে তাঁর বাঁ পায়ে। ক্যাপশনে তিনি লিখেছেন, “আর কতদিন এভাবে?” এর থেকে বোঝা যাচ্ছে যে এখনো সময় লাগবে এবং মাঠে ফিরতে মরিয়া তিনি। এটা স্পষ্ট যে এখনো তাঁর কামব্যাক হতে অনেক দেরি।

