দেবজিৎ মুখার্জি: আন্তর্জাতিক ক্রিকেটে একটি বড় নাম ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দেশের ক্রিকেটপ্রেমীদের তিনি অজস্র ভালো মুহূর্ত উপহার দিয়েছেন। বলা ভালো, ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মুখের হাসির কারণ তিনি। ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ জয় হোক কি ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ জয়, আজও তা লেগে রয়েছে সকল ক্রিকেটপ্রেমীর চোখে। বলতে গেলে, এখনো ভারতের বিশ্বকাপ জয় নিয়ে কথা হলে ওঠে মাহির কথা।
২২ গজে বরাবরই ঠান্ডা মাথায় দেখা গিয়েছে মাহিকে। কিন্তু তিনিও যে রেগে যেতে পারেন, এবার সেই বিষয়ে সম্প্রতি মুখ খুললেন মোহিত শর্মা। কি বক্তব্য তাঁর? মোহিতের বক্তব্য, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০তে কেকেআরের বিরুদ্ধে মেজাজ হারিয়ে মাহি তাঁকে গালিগালাজ করেছিলেন। যদিও এর সঙ্গে তিনি এটাও দাবি করেন যে ধোনি অত্যন্ত ঠান্ডা মাথার, কিন্তু রেগে গেলে একটু ভয়ের ব্যাপার।
মোহিত শর্মা বলেন, “ঈশ্বর পান্ডেকে বল করতে ডেকেছিলেন মাহি ভাই। কিন্তু আমার মনে হয়েছিল যেন আমাকে ডাকা হচ্ছে। রান আপে গিয়ে দৌড় শুরু করতেই উনি চেঁচিয়ে বলেন যে আমাকে ডাকা হয়নি। ঈশ্বর পান্ডে বল করুক উনি চেয়েছিলেন। কিন্তু আম্পায়ার তখন বাধা দেন এবং জানান যে যেহেতু আমার রান আপ শুরু হয়ে গিয়েছে, তাই বল আমাকেই করতে হবে। তাতেই প্রচন্ড মেজাজ হারান মাহি ভাই।”
মোহিত শর্মা আরো বলেন, “মাহি ভাই খুব রেগে গিয়েছিলেন। আমাকে সকলের সামনেই গালিগালাজ শুরু করেন। ইউসুফ পাঠানকে প্রথম বলেই আউট করেছিলাম। সবাই যখন উচ্ছ্বাস করছিল, তখনও আমাকে গালিগালাজ করছিলেন মাহি ভাই। যদিও একটা হাসি ছিল মুখে। তবে উনি অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ। উনি রেগে যেতে পারেন, এটা কঠিন বিশ্বাস করা। তুমি রেগে গেলে একটু ভয়েরই ব্যাপার।”
