“যেখানে থাকার সেখানেই আছি” বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া নিয়ে বক্তব্য গিলের

“যেখানে থাকার সেখানেই আছি” বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া নিয়ে বক্তব্য গিলের

দেবজিৎ মুখার্জি: চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটের বিশ্বকাপ, অর্থাৎ ২০ ওভারের বিশ্বকাপ। ইতিমধ্যেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া নিজেদের দল ঘোষণা করে ফেলেছে। তরুণ ও অভিজ্ঞদের মিলিয়ে দল তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, এখন থেকেই প্রস্তুতি চালু করে দিয়েছেন দলের সকল ক্রিকেটার। বড় মঞ্চে নিজেদের সেরাটা দেওয়ার জন্য সকল ক্রিকেটারই জোরদার অনুশীলন করে চলেছেন। বলা ভালো, ট্রফিকে পাখিরচোখ করে দলের ক্রিকেটাররা নিজেদের সবদিক দিয়ে তৈরি করছেন। 

যদিও এই দলে জায়গা পাননি দলের একদিনের ও টেস্ট অধিনায়ক শুভমান গিল। টি-টোয়েন্টি ক্রিকেটে কামব্যাক করার পর থেকে ব্যাট হাতে তেমন দাগ কাটতে পারেননি জিটি অধিনায়ক। ব্যাট থেকে এসেছে না কোন শতরান বা অর্ধশতরান। বলা ভালো, যেমনটা আশা করা হয়েছিল তাঁর থেকে, তা তিনি করে দেখাতে পারেননি। গিলের বাদ পড়ায় অনেক প্রশ্ন তৈরি হয়েছে ঠিকই, যদিও নির্বাচক প্রধান অজিত আগারকার পরিষ্কার করে দিয়েছেন যে ফর্মের জন্য বাদ পড়েননি গিল। তবে তা সত্বেও অনেকে মনে করছেন যে খারাপ ফর্মের জন্যই দলে জায়গা পাননি গিল। 

এবার কিউইদের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে নামার আগে এই বিষয়টি নিয়ে মুখ খুললেন শুভমান। কী বললেন তিনি? ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “আমি সেখানেই আছি, যেখানে আমার থাকার কথা। আমার ভাগ্যে যেটা লেখা আছে, সেটা তো হবেই। তবে একজন ক্রিকেটার হয়ে আমি সর্বদা এটাই আশা করি যে বিশ্বকাপ দলে থাকবো এবং চেষ্টা করব নিজের দেশকে জেতানোর।” পাশাপাশি, নির্বাচকদের সিদ্ধান্ত প্রসঙ্গেও নিজের অবস্থান জানান শুভমান। তিনি বলেন, “তবে আমি সম্মান করি নির্বাচকদের সিদ্ধান্তকে। ওনারা সিদ্ধান্ত নিয়েছেন নিজেদের মতো করে।” অবশেষে শুভেচ্ছা জানান দলকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য।

এবার দেখার বিষয় যে ফের ২০ ওভারে বিশ্বকাপ নিজেদের ঝুলিতে তুলতে পারেন কিনা সূর্যকুমার যাদব ও তাঁর বাহিনী। গিলকে ছাড়া কেমন পারফর্ম করবেন দলের ক্রিকেটাররা? সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে দেশের ক্রিকেটমহলে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *