দেবজিৎ মুখার্জি: আর্শদীপ সিংকে ব্যাক করলেন তাঁর দল পাঞ্জাব কিংসের হেড কোচ রিকি পন্টিং। বিশ্বকাপ জয়ী অধিনায়কের মতে ইংল্যান্ডের মাটিতে আর্শদীপকে খেলালে সুবিধা হবে টিম ইন্ডিয়ার। প্রাক্ত অজি তারকার বক্তব্য, ইংল্যান্ডের প্লেইং কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা আছে তরুণ পেসারের। এখানেই শেষ নয়, তিনি আরো জানান যে যেহেতু আর্শদীপ লম্বা, তাই বাউন্স বেশ ভালোই পাবেন। সবমিলিয়ে, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে আর্শদীপকে খেলানোর পক্ষে পন্টিং।
আইপিএল শেষ হলেই ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের মাটিতে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। পাঁচটি টেস্ট সিরিজ খেলবে ‘মেন ইন ব্লু’। রোহিত শর্মা ও বিরাট কোহলি অবসর নেওয়ায় শুভমান গিলের কাঁধে দায়িত্ব গেছে ক্যাপ্টেন্সির। ইতিমধ্যেই, ঘোষণা করা হয়েছে দল। সহ-অধিনায়কের ভূমিকায় দেখা যাবে ঋষভ পান্থকে। সবদিক ভেবে তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটার মিলিয়ে দল তৈরি করা হয়েছে, যা দেখে ক্রিকেটপ্রেমীরা মনে করছেন যে জয়ের ভালো সুযোগ রয়েছে ভারতের কাছে।
ইংল্যান্ডের মাটিতে টিম ইন্ডিয়ার কাদের খেলানো উচিত, এবার সেই প্রসঙ্গে নিজের অবস্থান জানালেন প্রাক্তন অজি তারকা, তথা পাঞ্জাব কিংস হেড কোচ, রিকি পন্টিং। তিনি চান আর্শদীপ সিংয়ের অভিষেক ঘটুক সিরিজে। পাশাপাশি, জানান ঠিক কি কারণে তাঁকে খেলানো যেতে পারে এবং তাতে কি লাভ হবে দলের। তিনি স্পষ্ট জানান যে আর্শদীপকে যদি না খেলানো হয়, তাহলে তিনি কিছুটা অবাক হবেন। এছাড়া এটাও জানান যে কোন বাঁহাতি পেসার, যিনি বল সুইং করাতে পারেন, তাঁকে দরকার হবে ভারতের।
পন্টিং বলেন, “আর্শদীপ দক্ষ ক্রিকেটার। আমি চাই প্রথম থেকেই ও দলের সঙ্গে থাকুক। আমার মনে হয় ইংল্যান্ডে ডিউক বল ওকে সাহায্য করবে। কিন্তু বাঁহাতি পেসার থাকা সত্ত্বেও যদি ওকে না খেলানো হয়, তাহলে আমি অবাক হবো কিছুটা। ও কাউন্টি ক্রিকেট খেলেছে, তাই সেখানকার প্লেইং কন্ডিশন সম্পর্কে ওর ধারণা আছে। ও লম্বা, তাই বাউন্স ভালো পাবে। এটা আমরা জানি যে ইংল্যান্ডে ৫০ ওভার পর্যন্ত বল সুইং হয় এবং সেক্ষেত্রে ভারতের ওকে দরকার পড়বে।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত আর্শদীপ সিংকে খেলার সুযোগ দেওয়া হয় কিনা ইংল্যান্ডের মাটিতে। পেলেও কি সেই সুযোগ তিনি কাজে লাগাতে পারবেন? কথা বলবে সময়।

