দেবজিৎ মুখার্জি: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওডিআই সিরিজের আগে একপ্রকার ‘ওয়ার্নিং জোন’এ ছিলেন ভারতীয় ক্রিকেট দলের দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে রবিবার দুজনে যে মাপের ব্যাটিং দেখিয়েছেন রাঁচির মাঠে, তা দেখে মুগ্ধ দেশের সকল ক্রিকেটপ্রেমী। এবার এই বিষয়টি নিয়ে দলের হেড কোচ গৌতম গম্ভীরকে কার্যত বিধলেন দলের প্রাক্তন তারকা মহাম্মদ কাইফ। বিরাট ও রোহিতের প্রশংসা করে তিনি দাবি করলেন যে দুজনে রান না করতে পারলে ২০০ রানও করতে পারত না টিম ইন্ডিয়া।
নিজের ইউটিউব চ্যানেল থেকে প্রাক্তন ভারতীয় তারকা বললেন, “বিশ্রীভাবে পরাজিত হতো টিম ইন্ডিয়া যদি রোহিত শর্মা ও বিরাট কোহলি আউট হয়ে যেত। প্রথম কথা হল দক্ষিণ আফ্রিকাকে হারানোর সম্ভব হতো না সাড়ে ৩০০ রান না করতে পারলে। ওরা দুজনেই এই জয়ের মূল কান্ডারি।” এর সঙ্গে তরুণদের প্রসঙ্গও টেনে আনেন তিনি এবং একপ্রকার বিধলেন গৌতম গম্ভীরকে। তিনি বলেন, “বারবার বলা হচ্ছে তরুণদের কথা। সুযোগ দেওয়া হচ্ছে তাদের দলে। কিন্তু যা অবস্থা, তাতে তো ২০০ রানও করতে পারবে না ওরা সকলে মিলে। তাই শেষ পর্যন্ত দারস্থ হয়েছিল ওদের দুজনের।”
কাইফ আরো বলেন, “শতরান করেছে বিরাট কোহলি। সাতটা ছয় মেরেছে। রোহিত মেরেছে তিনটে। দুজনে দারুন পার্টনারশিপও গড়ে তুলেছে। এর আগে ওরা সিডনিতেও একই কাজ করেছে। আসলে টেস্ট সিরিজে পরাজিত হওয়া ভারতের অবস্থা খুবই খারাপ ছিল। এখন হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলছে রাঁচিতে ম্যাচ জেতার পর।” এর সঙ্গে রোকোর প্রশংসা করে প্রাক্তন ভারতীয় তারকা দাবি করেন, “ওল্ড ইজ গোল্ড। কোহলির বয়স ৩৭ এবং রোহিতের ৩৮। ওদের দরকার ছিল এই ম্যাচে। ওরা যদি রান না করতে পারতো, তাহলে দক্ষিণ আফ্রিকার সহজেই ম্যাচটা নিজেদের নামে করে নিতে পারত।”
উল্লেখ্য, প্রথমে ব্যাট করে ভারত তোলে ৮ উইকেটে ৩৪৯। ৩৫০ রানের টার্গেট চেজ করতে নেমে ৩৩২ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ ১৮ রানে ম্যাচ জিতে সিরিজে ১-০ ফলাফলে এগিয়ে ভারতীয় ক্রিকেট দল। ম্যাচের সেরা ঘোষণা করা হয় মডার্ন ডে চেজ মাস্টার বিরাট কোহলিকে। তাঁর ব্যক্তিগত সংগ্রহ ১২০ বলে ১৩৫। এছাড়া রোহিত শর্মা করেছেন ৫৭ এবং দলের অধিনায়ক কেএল রাহুলের ব্যাট থেকে এসেছে ৬০ রানের এক গুরুত্বপূর্ণ ইনিংস।

