নিউজ ডেস্ক: বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ ইংল্যান্ডের তরুণ ক্রিকেটার জ্যাকব বেথেল। সদ্য শেষ হওয়া আইপিএলে তিনি ছিলেন আরসিবির সঙ্গে। যদিও মাঝপথে টুর্নামেন্ট ছেড়ে চলে যেতে হয় জাতীয় দলের জন্য। তবে তাঁর সতীর্থ ফিল সল্ট বেঙ্গালুরুর সাথেই ছিলেন এবং ফাইনালে দলের জয়তে অবদান রাখেন। বেথেল জানান তিনি বিরাটের থেকে অনেক কিছু শিখেছেন। পাশাপাশি, তিনি এটাও জানান যে কিং কোহলির থেকে অনেক কিছু শেখার আছে।
কদিন আগেই শেষ হয়েছে আইপিএল ২০২৫। রুদ্ধশ্বাস ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি। এই জয়ের পর আনন্দে মেতে ওঠেন দলের ক্রিকেটাররা। পাশাপাশি, স্টেডিয়ামে উপস্থিত আরসিবি সমর্থকদেরও উদযাপন ছিল দেখার মতো। বলা ভালো, গোটা ভারতবর্ষ সেদিন খুশি হয়েছিল আরসিবির প্রথম আইপিএল খেতাব পাওয়ায়। যদিও পরে তার শোকে পরিণত হয়। তাদের বিজয় উৎসব অনুষ্ঠান দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জনের। এর জন্য অনেকে দলের নিন্দাও করেছিলেন।
তবে আইপিএলের বিরাটের সঙ্গে এক দলে থেকে অনেক কিছুই শিখেছেন বলে দাবি করেছেন ইংল্যান্ডের ২১ বছর বয়সী ক্রিকেটার জ্যাকব বেথেল। তিনি জানান কিভাবে বিরাট তাঁকে কিছু না শেখালেও তিনি তা শিখেছেন। এখানেই শেষ নয়, রান তাড়া করার ক্ষেত্রে বিরাটের অবদানের কথাও তুলে ধরেন বেথেল। তিনি প্রশংসা করেছেন পরিস্থিতি অনুযায়ী বিরাটের খেলা পাল্টানোর। বলতে গেলে, কিং কোহলির ব্যাটিং তাঁর মন ছুঁয়েছে।
স্কাই ক্রিকেটকে জ্যাকব বেথেল বলেন, “বিরাট আমাকে অনেক সাহায্য করেছে। ও আমাকে হয়তো ব্যক্তিগতভাবে অনেক কিছু শেখায়নি। তবে ও যেভাবে খেলেছে বা যেভাবে ও অনুশীলন করেছে, তা দেখে আমি অনেক কিছু শিখেছি। টি-টোয়েন্টি ম্যাচে রান তাড়া করার ক্ষেত্রে বিরাটের যে অবদান থাকে, তা দেখেও অনেক কিছু শেখা যায়। পরিস্থিতি অনুযায়ী কিভাবে অ্যাটাক করে বা কিভাবে নিজেকে গুটিয়ে নেয়, দলের কি প্রয়োজন পরিস্থিতি অনুযায়ী, অনেক কিছুই শেখা যায় ওর থেকে।”
এবার দেখার বিষয় যে বিরাট যেভাবে খেলেন, তা মাঠে কাজে লাগাতে সফল হন কিনা জ্যাকব বেথেল। বর্তমানে জাতীয় দলের হয়ে তিনি বেশ ভালই পারফর্ম করছেন এবং আপাতত নিয়মিত সদস্যই। এক্ষেত্রে দেখার বিষয় যে তিনি ধারাবাহিকতা ধরে রাখতে পারেন কিনা। আগামী দিনে তিনিও কি বিরাটের মতো সফল ক্রিকেটার হবেন? তার উত্তর দেবে সময়।
