নিউজ ডেস্ক: “যশস্বী জয়েসওয়াল আর সাই সুদর্শন ওপেন করবে মনে করি” ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামার আগে টিম ইন্ডিয়াকে বড় পরামর্শ দিলেন প্রাক্তন অজি তারকা, তথা পাঞ্জাব কিংস হেড কোচ, রিকি পন্টিং। তিনি মনে করেন এই দুই তারকার মাধ্যমে দল ওপেনার হিসেবে তরুণ ব্যাটার পাবে। এখানেই শেষ নয়, তিনি আরো মনে করেন যে অধিনায়ক শুভমান গিলের ব্যাট করতে নামা উচিত চার নম্বরে।
শীঘ্রই ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। দলে কারা কারা থাকবেন, সেই নামগুলি ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে নির্বাচকদের তরফ থেকে। যেহেতু রোহিত শর্মা ও বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তাই এবার নেতৃত্বের দায়িত্ব গিয়েছে শুভমান গিলের কাঁধে। পাশাপাশি, সহ-অধিনায়কের কর্তব্য পালন করতে দেখা যাবে ঋষভ পান্থকে। তবে এই সবকিছুর মাঝে দলের মধ্যে বিশেষ চমক সাই সুদর্শনের সুযোগ পাওয়া এবং দীর্ঘদিন পর করুণ নায়ারের দলে জায়গা পাওয়া। বলতে গেলে, আসন্ন এই সিরিজ নিয়ে উন্মাদনা তুঙ্গে পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।
তবে এই সিরিজের আগে ক্রিকেট মহলে এক বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে কেমন হতে পারে টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেন। বিশেষ করে প্রথম চারে কাকে নামানো হবে, তা নিয়ে এখন থেকেই মাথা লাগাতে শুরু করে দিয়েছে দল। বহু প্রাক্তন তারকার মতে করুন নায়ারের চার নম্বরে নামা উচিত। আমার অনেকে মনে করছেন যে সেই জায়গায় শুভমান গিল বা কেএল রাহুলের মধ্যে কেউ নামলে ভালো হয়। শুধু তাই নয়, ওপেনিং কম্বিনেশন কেমন হওয়া উচিত, সেটা নিয়েও চিন্তাভাবনা শুরু হয়েছে দলের অন্দরে। কাদের নামানো যেতে পারে সেই জায়গায়? এই প্রশ্ন ঘোরাফেরা করছে চারিদিকে।
এই প্রসঙ্গে এবার নিজের অবস্থান জানালেন প্রাক্তন অজি তারকা, তথা পাঞ্জাব কিংস হেড কোচ, রিকি পন্টিং। তিনি বলেন, “আমি মনে করি টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করবে যশস্বী জয়েসওয়াল আর সাই সুদর্শন। আমার পরিণত ব্যাটার মনে হয় সুদর্শনকে। ও ভালো করবে টেস্টে। ওরা ওপেনিংয়ের ক্ষেত্রে দুজন তরুণ ব্যাটার পাবে। তিন নম্বরে কোন অভিজ্ঞ ক্রিকেটারকে চাইবে ওরা। কেএল রাহুল বা করুন নায়ারের মধ্যে সেটা হতে পারে। শুভমান চার নম্বরে নামতে পারে, যা ওর কাজকে সহজ করে দেবে। খুব একটা সহজ নয় তবুও অধিনায়ক হিসেবে ওপেন করা বা তিন নম্বরে নামা। চাপ কিছুটা কমে যাবে চার নম্বরে নামলে।”
