দেবজিৎ মুখার্জি: আইপিএল ২০২৫ ফাইনালের আগে বিরাট কোহলির সঙ্গে এক তারকা অ্যাথলিটদের তুলনা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, তথা রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ব্যাটিং কোচ, দীনেশ কার্তিক। কার সঙ্গে তুলনা করলেন তিনি বিরাটের? প্রাক্তন ভারতীয় তারকা কিং কোহলির সঙ্গে তুলনা করলেন নভ্যাক জোকোভিচ ও কো ব্রায়েন্টের। কার্তিক দাবি করেন যে বিরাট কোহলি একজন বড় মাপের ক্রিকেটার এবং একদিন তিনি নভ্যাক জোকোভিচ ও কো ব্রায়েন্টের সঙ্গে থাকবেন।
চলতি আইপিএলে একেবারে দৃষ্টি আকর্ষণ করার মতো পারফরম্যান্স করেছে রজত পতিদার নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লাগাতার ভালো ক্রিকেট খেলে তারা পৌঁছে গেছে ফাইনালে। অর্থাৎ তাদের প্রথম আইপিএল খেতাব তোলা থেকে মাত্র একটি ম্যাচ দূরে তারা। এখন থেকে প্রায় অনেকই ধরে নিয়েছেন যে আরসিবি এই বছর চ্যাম্পিয়ন হবে। আবার অনেকে মনে করছেন যে ফের তীরে এসে তরী ডুবতে পারে তাদের। সবমিলিয়ে, বর্তমানে দলের ফাইনাল জেতার সম্ভাবনা এক বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে ক্রিকেট মহলে।
তবে আরসিবির এই সাফল্যের পেছনে বড় অবদান রয়েছে দলের তারকা ক্রিকেটার, তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক, বিরাট কোহলির। এই বছর তিনি ব্যাট হাতে একাধিক অসাধারণ ইনিংস খেলেছেন। শুধু অসাধারণ নয়, একেবারে ম্যাচ উইনিং নক এসেছে তাঁর ব্যাট থেকে। এই মরশুমে এমন অনেক ম্যাচ আছে যেখানে কঠিন পরিস্থিতি থেকে তিনি দলকে জয় পাইয়ে দিয়েছেন। যদিও তাঁর স্ট্রাইক রেট এখনো পর্যন্ত দেড়শোর কম, তবে যেই খেলা তিনি তুলে ধরেছেন, তা মন জয় করেছে ক্রিকেটপ্রেমীদের।
এবার বিরাটের সঙ্গে তারকা অ্যাথলিটদের তুলনা করলেন আরসিবি ব্যাটিং কোচ দীনেশ কার্তিক। একটি ভিডিও পোস্ট করা হয়েছে দলের তরফ থেকে যেখানে তিনি দাবি করেছেন যে একদিন বিরাট কোহলি নভ্যাক জোকোভিচ ও কো ব্রায়েন্টের লেভেলে পৌঁছে যাবেন। এখানেই শেষ নয়, যেভাবে বিরাট নিজের খেলার উপর মনোযোগ দেন বা তা নিখুঁত করতে কঠোর অনুশীলন করেন, তারও প্রশংসা করেছেন কার্তিক। তিনি মনে করেন যে ঠিক এই কারণেই বিরাট বিশ্বসেরা।
দীনেশ কার্তিক বলেন, “বিরাট কোহলি এই খেলার একজন সেরা ওর ওয়ার্ক এথিক্সের জন্য। আমার মনে হয় একদিন ও নভ্যাক জোকোভিচ ও কো ব্রায়েন্টের লেভেলে পৌঁছাবে। তার মূল কারণ নেটে ঘন্টার পর ঘন্টা ওর অনুশীলন করা। আমি মনে করি যে ও প্রচুর খাটে এবং এটাই ওকে বিশ্বের সেরা করে তুলেছে এবং এটাই ও আরসিবির জন্য দীর্ঘ সময় ধরে করে চলেছে।”
