দেবজিৎ মুখার্জি: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে ভারতীয় ক্রিকেট দলের সদ্য নির্বাচিত অধিনায়ক শুভমান গিলের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করলেন প্রাক্তন ভারতীয় তারকা দীনেশ কার্তিক। তিনি দাবি করেন যে গিল নিজেও বুঝতে পারছেন না কত বড় দায়িত্ব তিনি পেয়েছেন। এখানেই শেষ নয়, প্রাক্তন নাইট অধিনায়ক এটাও জানান যে সিংহের গুহায় ঢুকতে চলেছে জিটি অধিনায়ক।
আগামী ২০শে জুন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল শুভমান গিলের নেতৃত্বে। এই মুহূর্তে দলের সকল ক্রিকেটারই জোরদার প্রস্তুতি চালাচ্ছে। শুধু দলকে জয় পাইয়ে দেওয়ার জন্য নয়, জাতীয় দলের নিজেদের জায়গা পাকা করার জন্যও সকলে নিজেদের সেরাটা দেওয়ার জন্য মরিয়া। পাশাপাশি, গিলের জন্যও এটি একটি বড় পরীক্ষা অধিনায়ক হিসেবে নিজেকে যোগ্য প্রমান করার। সবমিলিয়ে, আসন্ন এই টেস্ট সিরিজ বেশ গুরুত্বপূর্ণ ভারতীয় ক্রিকেট দলের সমস্ত ক্রিকেটারের জন্য।
তবে এই সিরিজের আগে সদ্য নির্বাচিত টেস্ট অধিনায়ক শুভমান গিলকে নিয়ে বড় মন্তব্য করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার দীনেশ কার্তিক। স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করলেন যে গিলের ধারণা নেই কত বড় দায়িত্ব পেয়েছেন তিনি। ডিকে বলেন, “আমার মনে হয়না ও বুঝতে পারছে না ও কত বড় দায়িত্ব পেয়েছে। সিংহের গুহায় ঢুকতে চলেছে ও। যেকোনো দেশের কাছেই ইংল্যান্ডে খেলাটা কঠিন কাজ। এর আগে বহু শক্তিশালী দল ইংল্যান্ডে গিয়ে হাবুডুবু খেয়েছে।”
তিনি আরো বলেন, “গিলের একটা বিষয় সৌভাগ্যের যে ইংল্যান্ডের বোলিং আক্রমণ দুর্বল। ওদের ব্যাটিং ভারতকে চাপে ফেলার চেষ্টা করবে কিন্তু বোলিং তেমন শক্তিশালী নয়। এটাই গিলের কাছে একটা বড় স্বস্তির বিষয়।” এবার দেখার বিষয় ইংল্যান্ডের মাটিতে কেমন পারফর্ম করেন গিল ও তাঁর বাহিনী। টিম ইন্ডিয়া কি পারবে ইংল্যান্ডের মাটিতে জয় পেতে? তা বলবে সময়।

