নিউজ ডেস্ক: করুন-সুন্দরের লড়াইতে, চলতি ওভাল টেস্টে, আপাতত সম্মানজনক অবস্থায় পৌঁছালো ভারতীয় ক্রিকেট দল। ইংল্যান্ডের বিরুদ্ধে তারা প্রথম দিনের খেলা শেষ করল ৬ উইকেটে ২০৪ রানে। প্রথম থেকে ব্যাটিং অর্ডারকে এদিন বেশ নড়বড়ে দেখাচ্ছিল। ১৫০ রানের গন্ডি পেরোনোর পরই অর্ধেকের বেশি ক্রিকেটার প্যাভিলিয়ন ফিরে যায়। সেখান থেকে লড়াই চালান করুন নায়ার ও ওয়াশিংটন সুন্দর।
ওভাল টেস্টেও টসে পরাজিত হয় ভারত। ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তবে শুরুটা ভালো হয়নি টিম ইন্ডিয়ার। মাত্র ২ রান করেই আউট হন দলের তরুণ ওপেনার যশস্বী জয়েসওয়াল। কিছুক্ষণ ব্যাট করার পর আউট হন কেএল রাহুলও। এরপর যদিও গিল ও সুদর্শন একটি ছোট পার্টনারশিপ গড়েন। কিন্তু তারপর ফের ধ্বস নামে ব্যাটিংয়ে। শেষে গিয়ে অর্ধেকের বেশি দল প্যাভিলিয়নে ফিরে যায় ১৫০ রানের গন্ডি পেরোনোর পর। ১৫৩ রানে ৬ উইকেট হারায় ভারত।
এরপরই করুন নায়ারকে সাথ দিতে ক্রিজে নামেন ওয়াশিংটন সুন্দর। ম্যানচেস্টার টেস্টের মতো এবারও ওয়াশিংটন সুন্দরকে মাটি আঁকড়ে পড়ে থাকতে দেখা যায়। অন্যদিকে, করুন নায়ারও ধৈর্যের সঙ্গে ব্যাটিং করেন। দিনের শেষে ভারতের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ২০৪। করুন খেলছেন ৫২ রানে এবং সুন্দর ১৯ রানে। এমন পরিস্থিতিতে ক্রিকেটপ্রেমীরা মনে করছেন যে দ্বিতীয় দিন এই জুটির লক্ষ্য থাকবে ভারতকে ৩৫০ থেকে ৪০০ রানের গণ্ডি পার করানোর। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত তা হয় কিনা।

