দেবজিৎ মুখার্জি: “দুজনের অবসরের সিদ্ধান্তে আমি হতবাক” টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলি ও রোহিত শর্মার অবসর প্রসঙ্গে এমনটাই জানালেন ভারতীয় ক্রিকেট দলের তারকা স্পিনার কুলদীপ যাদব। তিনি জানান যে এমন গুরুত্বপূর্ণ সিরিজে দুজনের মতো সিনিয়রদের প্রয়োজন যাঁরা জুনিয়রদের সাহায্য করতে পারবেন। তবে এর সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দেন যে যদি তাঁর কোন প্রয়োজন পড়ে, তিনি অবশ্যই রোহিত শর্মার সঙ্গে যোগাযোগ করবেন কারণ হিটম্যান তাঁকে বড় দাদার মতো ভালবাসেন।
শেষ হয়ে গেছে আইপিএল ২০২৫। এবার টিম ইন্ডিয়া ইংল্যান্ডের মাটিতে খেলতে যাবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। শুভমান গিলের নেতৃত্বে এবার খেলতে নামবেন দলের ক্রিকেটাররা। এছাড়া সহ-অধিনায়কের ভূমিকায় দেখা যাবে তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থকে। দলে জায়গা পেয়েছেন একাধিক তরুণ ও তারকা ক্রিকেটার। বিশেষ করে আইপিএলে ভালো পারফর্ম করার জন্য পুরস্কার পেয়েছেন সাই সুদর্শন। তাঁকে জায়গা দেওয়া হয়েছে দলে। দীর্ঘদিন পর দলে ফিরেছেন করুন নায়ার।
তবে এই সিরিজের আগে বড় ধাক্কা খায় দল বিরাট কোহলি ও রোহিত শর্মার অবসরের রূপে। প্রথমে সরে দাঁড়ানোর সিদ্ধান্তর কথা ঘোষণা করেন রোহিত। ঠিক তার কদিন পরই অবসরের কথা ঘোষণা করেন বিরাট কোহলি। দুই তারকা ক্রিকেটারের হঠাৎ পরপর অবসর নেওয়া জাগিয়েছে একাধিক প্রশ্ন ক্রিকেটপ্রেমীদের মনে। অনেকে মনে করছেন যে দুজনকেই জোর করা হয়েছে বোর্ডের তরফ থেকে সরে দাঁড়ানোর জন্য। আবার অনেকে মনে করছেন যে গৌতম গম্ভীরের হাত থাকতে পারে এই ব্যাপারে। সবমিলিয়ে, এখনো দুজনের অবসর এক বড় আলোচনার বিষয় ক্রিকেট মহলে।
তবে এবার দুই তারকার অবসর নিয়ে দুঃখ প্রকাশ করলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা স্পিনার কুলদীপ যাদব। ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক সাক্ষাৎকারে তিনি বুঝিয়ে দেন যে দুজনেরই টেস্ট ক্রিকেটকে চিরবিদায় জানানোর সিদ্ধান্ত তিনি মেনে নিতে পারছেন না। পাশাপাশি, দুজনের সঙ্গে সম্পর্ক কেমন, সেই ব্যাপারেও জানান কুলদীপ। এখানেই শেষ নয়, তারকা স্পিনার আরো জানান যে ঠিক কিভাবে রোকো তাঁকে মাঠে সাহায্য করতেন এবং পরামর্শ দিতেন।
কুলদীপ বলেন, “দুজনে যখন অবসর নেন আমি হতবাক হই। আশা করেছিলাম ইংল্যান্ডের মতো এমন বড় ও গুরুত্বপূর্ণ সিরিজে দুজনকে পাওয়া যাবে জুনিয়রদের সাহায্য করার জন্য। তবে আমার যদি কোন প্রয়োজন পড়ে, তাহলে আমি রোহিত ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবো। উনি আমাকে বড় দাদার মতো ভালোবাসেন। ম্যাচ চলাকালীন আমার যদি কোন খামতি থাকতো, তাহলে উনি আমায় পরামর্শ দিতেন। বিরাট ভাইয়ের ক্যাপ্টেন্সিতে আমার অভিষেক ঘটে টেস্ট ক্রিকেটে। সেই ম্যাচটি উনি খেলেননি, তবে আমায় ক্যাপ দিয়েছিলেন। উনি আমায় বেশ সাহায্য করতেন এবং বিশ্বাস জুগিয়েছিলেন যে আমি এই ফরম্যাটে উন্নতি করতে পারবো। ওনার নেতৃত্বে খেলতে খুব পছন্দ করতাম।”
